ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকে সামনে রেখে সমমনা দলগুলো ছাড়াও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের সব শক্তিকে সঙ্গে নিয়ে 'মহাঐক্যজোট' গড়ে তোলার চেষ্টা চালাবে আওয়ামী লীগ।
দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এ কথা বলেছেন। তিনি শুক্রবার বিকেলে গুলশানের নিজ বাসায় কৃষক লীগ ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সাংবাদিকরা তার কাছে জানতে চান, ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগ শুধু সংলাপ নিয়েই আলোচনা করবে নাকি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার বিষয়টিও স্থান পাবে। জবাবে তিনি বলেন, "আমরা ঐক্যের সীমানা বাড়াতে চাচ্ছি। ১৪ দলের শরিকদের সঙ্গে কথা হয়েছে। আমরা আগামী রোববার থেকে তাদের সঙ্গে বসবো। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষে যারা রয়েছে তাদের নিয়ে মহাঐক্যজোট গড়ে তোলার চেষ্টা চালাব।"
জিল্লুর রহমান মতবিনিময় সভায় দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি নীরবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। তাদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা এলাকায় যান। নীরবে নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন। নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নেই।"
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন,"সেপ্টেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণার চিন্তা বাদ দিন। মার্চ-এপ্রিলের মধ্যে নির্বাচন করেন।"
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,"মার্চ-এপ্রিলে নির্বাচন না হলে সঙ্কট সৃষ্টি হতে পারে। সেপ্টেম্বরে তারিখ ঘোষণা করলে ডিসেম্বরে নির্বাচন হবে না।"
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি মির্জা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলু।
এরআগে কৃষক লীগ ও দলের ফরিদপুর জেলা শাখা শেখ হাসিনাকে আইনি সহায়তা দেওয়ার জন্য আওয়ামী লীগের তহবিলে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২০৫০ ঘ.
bdnews24