চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি দাবি করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, জাসাস ও পেশাজীবী দলের প্রায় ৪০ জন নেতা হান্নান শাহ ও আলালের মুক্তি দাবি করেন।
মুক্তি দেওয়ার পর জেল গেইট থেকে আবার হান্নান শাহ এবং যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেপ্তারকে গণতন্ত্রের অগ্রযাত্রায় বাধা হিসাবে উল্লেখ করেছেন তারা।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার চেষ্টা হিসাবেই এসব গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক নয় বলে তারা মন্তব্য করেন।
তারা অবিলম্বে বিনাকারণে গ্রেপ্তারকৃত সব রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়ার দাবি জানান। সেইসঙ্গে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।
বিবৃতিদাতাদের মধ্যে সাবেক সাংসদ নূরী আরা সাফা, প্রবীন নেতা অবসপ্রাপ্ত ডা. ক্যাপ্টেন এম এন সাফা, ওয়ার্ড কমিশনার শামসুল আলম, মাহবুবুল আলম, দোস্ত মোহাম্মদ, জয়নাল আবেদীন জিয়া, নিয়াজ মো. খান, অ্যাডভোকেট আবদুস সাত্তার, ডা. শাহাদাত হোসেন, যুবদল তো কাজী বেলাল, ছাত্রদল নেতা আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহিলা দল নেতা পারভীন আক্তার চৌধুরী, জাসাস নেতা সৈয়দ মোস্তফা আল মাসুম উল্লেখযোগ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24