ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের জন্য সরকারের আবেদনের শুনানি রোববার পর্যন্ত মূলতবি করেছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শেখ হাসিনার পক্ষে আইনজীবীর (অ্যাডভোকেট অন রেকর্ড) সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হলে শেখ হাসিনার পক্ষে (অ্যাডভোকেট অন রেকর্ড) মৌলভী ওয়াহিদুল্লাহ সময়ের আবেদন জানিয়ে বলেন, "শেখ হাসিনার মামলা বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা আবেদনটি আদালতের দৈনন্দিন কার্যতালিকায় আসেনি। সকাল সাড়ে ৯টায় আদালতের সম্পূরক কার্যতালিকায় আবেদনটি অন্তর্ভূক্ত হয়। তাই এ মামলার হাসিনার পক্ষের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাই সকাল সাড়ে ১১ টা পর্যন্ত শুনানি মুলতবি করা প্রয়োজন।"
সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা কামাল শেখ হাসিনার পক্ষের আইনজীবীর এই সময়ের আবেদনের বিরোধিতা না করে বলেন, "এক্ষেত্রে সরকার পক্ষের কোনো আপত্তি নেই।"
আদালত অ্যাডভোকেট অন রেকর্ডের কাছে জানতে চান, আপনি কী নিশ্চিত যে এই সময়ের মধ্যে এ মামলার সিনিয়র আইনজীবীকে পাওয়া যাবে ? তিনি ওই সময়ে যদি না আসেন ? শুধু বলার জন্যই বলবেন না। তিনি যে এই সময়ের মধ্যে আসতে পারবেন তা নিশ্চিত করে বলতে হবে।
মৌলভী ওয়াহিদুল্লাহ তখন বৃহস্পতিবারের জন্য শুনানি মুলতবি করার আবেদন জানান।
এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনার কৌঁসুলিরা জানেন যে আজ (বৃহস্পতিবার) রায় স্থগিতের আবেদনের ওপর শুনানি হবে। তারা তো সে খবর টেলিভিশনে শুনেছেন।
আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে আগামী রোবাবর পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেন। আগামী রোববার রায় স্থগিতের এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার পক্ষের আইনজীবীর সময়ের আবেদনের জন্য আদালত শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে।"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করা হয়েছে। আদালত সময় দিয়েছে। সরকার পক্ষ থেকেও বিরোধিতা করা হয়নি। কারণ সময় না পেলে তারা আবার একতরফা শুনানি অভিযোগ তুলতেন। সরকার পক্ষ চায়নি, নতুন করে কোনো ইস্যুর সৃষ্টি হোক।"
তিনি আরও বলেন, বুধবারই চেম্বার বিচারপতির আদালত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ বেঞ্চে রায় স্থগিতের আবেদনটি শুনানির জন্য দিন ধার্য করে দেন। কোনো কারণে আবেদনটি শুনানির জন্য নিয়মিত তালিকায় আসেনি। তবে সকালে আদালত আবেদনটি সম্পূরক তালিকায় অন্তর্ভূক্ত করে দেন। শেখ হাসিনার আইনজীবীদের জানিয়েই সব কাজ করা হয়েছে।
সকালে সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল, তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ কয়েকজন ডেপুটি অ্যাটর্নি আদালতে উপস্থিত থাকলেও শেখ হাসিনার পক্ষের প্রধান কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক, অপর কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদসহ কোনো আইনজীবী আদালতে ছিলেন না।
বুধবার হাইকোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়াকে অবৈধ ও মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে।
গত ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুত কেন্দ্র স্থাপন প্রকল্পে কাজ দেওয়ার বিনিময়ে আসামীরা ২০০১ সালে বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫ শ টাকা চাদা নেন।
শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করা হয়। ওইদিনই এ মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে শেখ হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ পত্র গঠন করা হয়। ১৩ জানুয়ারি এ মামলায় মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/ইএইচবি/আরএ/এসকে/জিএনএ/১৩২৬ ঘ.
bdnews24