ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
বুধবার হাইকোর্টের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খোন্দকার দেলোয়ারপন্থী হিসাবে পরিচিত এ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। জরুরি বিধিমালায় অন্য যে সব মামলা হয়েছে তাও সঠিক কিনা, তা হাইকোর্টের রায়ই বলে দেবে।"
হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির ওই মামলা বাতিলের পাশাপাশি এটিকে জরুরি বিধিমালায় অন্তর্ভুক্তি অবৈধ বলেও বুধবার ঘোষণা করে হাইকোর্ট।
রিজভী আহমেদ খালেদা জিয়াসহ কারাগারে আটক সব রাজনৈতিক নেতার মুক্তিও দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১১ ঘ.
bdnews24