ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রীকে আটক রেখে কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ সব রাজনৈতিক নেতার অবিলম্বে মুক্তি দাবি করেন।
বুধবার ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে খোন্দকার দেলোয়ার বলেন, "নির্বাচন থেকে দূরে রাখতেই দুই নেত্রীকে আটক করা হয়েছে। এতে দেশে গণতন্ত্র আসবে না। তাদের আটক রেখে কোনও নির্বাচন মেনে নেওয়া হবে না।"
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে খালেদা জিয়া, শেখ হাসিনাসহ সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেন তিনি।
জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "আপনারা নিজেরাই অনেক ভাবমূর্তি নষ্ট করেছেন, আর নষ্ট করবেন না। জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন।"
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের অতীতের ভূমিকার প্রশংসা করে আগামীতেও তাদের একই রকম সক্রিয়তা প্রত্যাশা করেন খোন্দকার দেলোয়ার।
পুরনো ঢাকার আদালত পাড়ায় ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি অ্যার্টনি জেনারেল আবদুর রেজ্জাক খান, লুৎফে আলম, সানাউল্লাহ মিয়া, সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/কিউএইচ/এমআই/এমএ/১৫৩৫ঘ.
bdnews24