২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মামলা বাতিলের বিরুদ্ধে সরকারের আপিল

শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজি মামলাটি বুধবার বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি জরুরি অবস্থা জারির আগের অপরাধ জরুরি বিধিমালায় অর্ন্তভুক্ত করাকেও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। রায়ের পরপরই সরকারপক্ষ এটি স্থগিত করার জন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করে। চেম্বার জজ রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন অমিত তালুকদার। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2008, 06:53 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

অমিত তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আদালত প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলাটি বুধবার বাতিল করে দিয়েছে উচ্চ আদালত। পাশাপাশি জরুরি অবস্থা জারির আগের অপরাধ জরুরি বিধিমালায় অর্ন্তভুক্ত করাকেও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। টানা দু'দিন ধরে আদালত বন্ধু হিসেবে বিবেচিত ছয় জন অ্যামিকাস কিউরির শুনানির পর বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলাম এ রায় দেন। জরুরি ক্ষমতা অধ্যাদেশের ব্যাখ্যা দিয়ে রায়ে বলা হয়েছে, ১১ জানুয়ারি অর্থাৎ জরুরি অবস্থা জারির আগের অপরাধ ওই বিধিমালায় অর্ন্তভুক্ত করার ক্ষমতা অধ্যাদেশ দেয়নি। জরুরি বিধিতে আদালতের জামিন দেওয়ার অধিকার খর্ব করাকে সংবিধান পরিপন্থী বলেও রায়ে উল্লেখ করা হয়েছে। জরুরি বিধিতে নেওয়া অন্য মামলাগুলোর ভবিষ্যৎ নির্ধারণে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুপুরেই সুপ্রিম কোর্টে আপিল করেছে। আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম এ মতিন আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়েছে। হাইকোর্টে দেয়া এ রায়কে স্বাগত জানিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি। রায় জানার পর হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "হাইকোর্টের এই রায়ে আমরা আনন্দিত। এতে প্রমাণিত হলো যে আমার মায়ের বিরুদ্ধে সবগুলো মামলাই সাজানো।" আদালতের রায় ও পর্যবেক্ষণ চাঁদাবাজির অভিযোগে দায়ের এ মামলা জরুরি ক্ষমতায় নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার আলোচিত রিটের ওপর দীর্ঘ সাত দিন শুনানির পর আদালত মঙ্গলবার রায় ঘোষণা শুরু করে। বুধবার বেলা ১২টায় রায় ঘোষণা শেষ হয়। রায়ে বলা হয়, "সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত বিধানের পরিপন্থী কোনো আইন করা যেতে পারে না। সংবিধানের ৩১-৩৫ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, জরুরি অবস্থায় জারি করা কোনো আইন দিয়ে জামিনসহ নাগরিকের কোনো অধিকার খর্ব করা যাবে না।" "জরুরি ক্ষমতা অধ্যাদেশ গত বছর ১১ জানুয়ারি জারি করা হয়েছিল। এরপর ২৫ জানুয়ারি জরুরি ক্ষমতা বিধিমালা প্রণয়ন করা হয়। এতে বলা হয়, ১২ জানুয়ারি থেকে এ বিধিমালা কার্যকর হবে। পরে বিধিমালা সংশোধন করে বলা হয়, জরুরি অবস্থা চলাকালে এ বিধিমালা কার্যকর থাকবে। জরুরি ক্ষমতা অধ্যাদেশে সরকারকে বিধি তৈরির ক্ষমতা দেয়া হয়েছে। কিন্তু এমন কোনো বিধি তৈরির ক্ষমতা দেয়া হয়নি যা অধ্যাদেশকে ছাপিয়ে যাবে।" "জরুরি ক্ষমতা অধ্যাদেশে এমন বিধি তৈরির ক্ষমতা দেয়া হয়নি যাতে জরুরি আইন ঘোষণার আগের কোনো অপরাধকে এ বিধির আওতায় আনা যায়। ১১ জানুয়ারির আগের অপরাধ জরুরি ক্ষমতা বিধিমালায় আনার ক্ষমতা অধ্যাদেশে দেয়া হয়নি।" রায়ে বলা হয়, "মূল আইনের সঙ্গে বিধির কোনো সাংঘর্ষিক বিধান থাকলে আইন প্রাধান্য পাবে।" এতে আরও বলা হয়, "জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঘ), ১০ (২) বিধিতে সুপ্রিম কোর্টসহ যে কোনো আদালতের জামিন দেয়ার ক্ষমতা খর্ব করা হয়েছে। আদালতের মতে, এই বিধান ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ও ৪৯৮ ধারায় উল্লেখিত জামিন দেয়ার বিধানের পরিপন্থী। এ ধারা দুটিতে আদালতকে অজামিন যোগ্য অপরাধে জামিন দেয়ার ক্ষমতা দেয়া হয়েছে। জামিন দেয়ার ক্ষমতা খর্ব করে জরুরি ক্ষমতা বিধিমালায় যে বিধান করা হয়েছে তা সংবিধানের ৩১, ৩২, ৩৩ ও ৩৫ অনুচ্ছেদের বিধানের পরিপন্থী। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, "যখন এ ধরনের আইন কোনো নাগরিকের অধিকার খর্ব করে সেক্ষেত্রে তার যতটুকু অধিকার খর্ব করা হয়েছে ততটুকু ওই অনুচ্ছেদের অসামঞ্জস্যপূর্ণ হবে। জরুরি অবস্থা বলবৎকালে সংবিধানের ২৭-৩৫ অনুচ্ছেদের বিধানগুলো সীমিত করা হয়নি। সংবিধানের ২৭-৩৫ অনুচ্ছেদের পরিপন্থী কোনো আইন বা বিধান করা হলে তা বাতিল হবে। এ ধরনের আইনকে বাতিল ঘোষণার ক্ষমতা আদালতের রয়েছে। আর কোনো বাতিল আইন আদালতে চলতে পারে না।" নাগরিকের অধিকার পরিপন্থী কোনো আইন সংসদে আইন বা রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা প্রণয়ন করা যেতে পারে না বলেও রায়ে উল্লেখ করা হয়। রায়ে আরো বলা হয়, "জরুরি ক্ষমতা বিধিমালায় শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিধান জরুরি ক্ষমতা অধ্যাদেশের ক্ষমতা বহির্ভুত। তাই এসব শাস্তির বিধান বিদ্যমান আইন ও সংবিধান পরিপন্থী।" হাসিনার বিরুদ্ধে দায়ের আজম জে চৌধুরীর মামলা প্রসঙ্গে রায়ে বলা হয়, "এ মামলাটি যথাযথ কর্তৃপক্ষ জরুরি ক্ষমতা আইন অনুমোদন দিয়েছে। আমরা অনুমোদনের নথি তলব করে দেখেছি, অনুমোদন দেয়া হয়েছে আসামির সামাজিক মর্যাদা বিবেচনায়।" "কিন্তু আইনের অনুমোদন দেয়ার যে বিধান রয়েছে তাতে বলা হয়েছে, অনুমোদন দেয়ার ক্ষেত্রে অনুমোদন প্রদানকারী কর্মকর্তাকে অপরাধের জনগুরুত্ব বিবেচনা করতে হবে। তাই ওই বিধান থেকেও এটা স্পষ্ট যে, অপরাধের জনগুরুত্ব বিবেচনায় অনুমোদন দিতে হবে। অভিযুক্তর সামাজিক মর্যাদা বিবেচনায় অনুমোদন দেয়ার কোনো বিধান নেই। জনগুরুত্ব বিবেচনার ক্ষেত্রে কর্তৃপক্ষকে জরুরি ক্ষমতা অধ্যাদেশ কি উদ্দেশে জারি করা হয়েছে তা বিবেচনায় আনতে হবে। "এছাড়া অনুমোদন দেয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা ও বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে। ব্যক্তি বিবেচনায় এ অনুমোদন দেয়া যায় না। যদিও এ ক্ষেত্রে অভিযুক্তর মর্যাদা অপরাধের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।" আদালত আরও বলেন, এ অনুমোদন দেয়ার ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিবেচনা না করে সামাজিক মর্যাদায় অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদনকারী কর্তৃপক্ষ সামগ্রিক বিবেচনা না করে অনুমোদন দিয়েছে। তাই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অনুমোদন দেয়া আইনগত কর্তৃত্ববহির্ভুত। রায়ে বলা হয়, "বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরা শপথ নেন সংবিধানকে রক্ষা ও সংরক্ষণ ও সমুন্নত করার জন্য। যখন কোন নাগরিকের অধিকার প্রশ্নবিদ্ধ হয় তখন বিচারকের দায়িত্ব সংবিধানের বিধান প্রয়োগ করে সে অধিকার রক্ষা করা।" "জরুরি ক্ষমতা আইনে এমন কোনো বিধান করা যাবে না যা সুপ্রিম কোর্টের ক্ষমতাকে খর্ব করে। জরুরি অবস্থা চলাকালে সংবিধানের ২৭-৩৫ অনুচ্ছেদের পরিপন্থী কোনো আইন করা যাবে না। এ ধরনের আইন প্রণয়ন করা হলে তা বাতিল বলে গণ্য করা হবে। এই বিবেচনায় জরুরি ক্ষমতা বিধিমালায় নাগরিক অধিকার খর্ব করার বিধান বিদ্যমান আইন ও সংবিধান পরিপন্থী।" "ফৌজদারি কার্যবিধির জামিন দেয়ার ক্ষমতা জরুরি আইন দ্বারা খর্ব করা যাবে না। জরুরি ক্ষমতার বিধিমালায় জামিন না দেয়ার বিধান আইন ও সংবিধান পরিপন্থী।" রায়ের শেষ পর্যায়ে বলা হয়, "সার্বিক পর্যালোচনায় দেখা গেছে জরুরি ক্ষমতা আইনের বিধিমলায় এ মামলা চালানোর যে অনুমোদন দেয়া হয়েছে তা আইনগত কর্তৃত্ব বহির্ভুত। কারণ যে অপরাধে মামলাটি হয়েছে তা জরুরি অবস্থা ঘোষণার আগের অপরাধ। তাই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অনুমোদন দেয়াকে বাতিল ঘোষণা করা হলো।" আদালত আরো বলেন, "জরুরি ক্ষমতা আইনের এ মামলার যেসব কার্যক্রম চলেছে তা আইনগত কর্তৃত্ব বহির্ভুত ও বাতিল ঘোষণা করা হলো।" রায়ের পর প্রতিক্রিয়া বুধবার বেলা ১২টার দিকে দেয়া এ রায়কে স্বাগত জানিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ, প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও হাসিনার বোন শেখ রেহানা। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান রায়ের প্রতিক্রিয়ায় বলেন, "এতে সর্বসম্মতভাবে প্রতিষ্ঠিত হল, আমাদের নেত্রী নির্দোষ। আমরা আশা করব, সরকার তাকে মুক্তি দেবে। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।" তিনি বলেন, "সত্যের জয় হবেই। আরও মামলা দিয়েও শেখ হাসিনাকে আটকে রাখা যাবে না।" আদালতের রায়ের পর বুধবার দুপুরে শেখ রেহানা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের ওপর আল্লাহর রহম হয়েছে। সত্যের জয় হয়েছে। আমার বোনকে আটকে রাখা অবৈধ ছিল, রায়ের মধ্য দিয়ে তা প্রমাণ হয়েছে। আইনের জয় হয়েছে।" বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, "এর মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। জরুরি বিধিমালায় অন্য যে সব মামলা হয়েছে তাও সঠিক কি না, তা হাইকোর্টের রায়ই বলে দেবে।" আইন উপদেষ্টা হাসান আরিফ এ রায়ের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে হাসিনার বিরুদ্ধে আজম চৌধুরীর মামলার বিষয়ে হাইকোর্টের এমিকাস কিউরিদের মতামত সম্পর্কে গত ৩১ জানুয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা হাসান আরিফ বলেছিলেন, "শেখ হাসিনার মামলার রায়ের ওপর নির্ভর করছে জরুরি বিধিমালার আওতায় নেওয়া অন্যান্য মামলার ভবিষ্যত।" এ রায়কে যুগান্তকারী আখ্যায়িত করে শেখ হাসিনার প্রধান কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক সাংবাদিকদের বলেন, "আইনের জয় হয়েছে। হাইকোর্ট শেখ হাসিনার চাঁদাবাজি মামলা বাতিল করেছে।" তিনি বলেন, "মামলাটি আর কোন আইনেই চলবে না।" রফিক উল হক বলেন, "সংসদে যে আইন পাশ করা যায় না রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসেবে তা জারি করতে পারেন না। হাইকোর্ট এ মামলার সমস্ত কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে।" আইনের শাসন ও সংবিধান সমুন্নত করায় হাইকোর্টের দুই বিচারপতিকে তিনি ধন্যবাদ জানান। শেখ হাসিনার অপর কৌঁসুলি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "দশ বারো বছর আগের ঘটনায় দায়ের করা মামলা জরুরি আইনে চলতে পারে না। সংক্ষিপ্ত বিচারের নামে ৪৫ দিনের মধ্যে বিচারের বিধানও মৌলিক অধিকার পরিপন্থী।" তিনি আরও বলেন, "এ রায়ের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বঙ্গবন্ধু ট্রাস্ট দুর্নীতি মামলাটিও টিকবে না। এ মামলার ক্ষেত্রেও আইনের শাসন ও সংবিধান প্রাধান্য পাবে।" রায়ের বিরুদ্ধে আপিল, পূর্ণাঙ্গ বেঞ্চে স্থানান্তর হাইকোর্টের রায়ের পরপরই দুপুর দেড়টায় সরকারপক্ষ এ রায় স্থগিতের জন্য আপিল বিভাগে আবেদন করে। তবে প্রক্রিয়া শেষ করে চেম্বার জজের আদালতে বিষয়টি উপস্থাপনের আগেই বিচারপতি তার খাস কামরায় চলে যান। শেখ হাসিনার পক্ষের কৌঁসুুলি ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ সরকারের আবেদনের বিরোধিতা করার জন্য এসময় চেম্বার বিচারপতির জজের আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে আবেদনটি উপস্থাপিত না হওয়ায় এবং চেম্বার জজ খাস কামরায় চলে যাওয়ায় হাসিনার আইনজীবীরা সেখান থেকে চলে আসেন। সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমদ বিচারপতি এম এ মতিনের খাস কামরায় আবেদনটি নিয়ে যান। চেম্বার জজ এ ব্যাপারে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে দেন। সরকারপক্ষের প্রেস ব্রিফিং দুপুরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "মামলাটি জরুরি ক্ষমতা আইনে অর্ন্তর্ভুক্ত করাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। সরকারের বিরুদ্ধে হাইকোর্ট কোনো রায় দিলে সরকার সাধারণত সুপ্রিম কোর্টে আপিল করে। এক্ষেত্রেও রায় স্থগিতের জন্য আবেদন করা হয়েছে। রায়ের অনুলিপি পেলে নিয়মিত আপিল করা হবে। তিনি বলেন, "মামলাটি ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধিতে বিচার হচ্ছিল। জরুরি বিধিমালায় অনুমোদন দেওয়া হয়েছিল জামিন দেওয়া যাবে না এ কারণে। ওই অনুমোদনের বিরুদ্ধে রিট হয়েছে। অনুমোদন বেআইনি ঘোষণা করেছে হাইকোর্ট। এ রায় অপ্রত্যাশিত নয়। তবে পুরো মামলাটি বাতিল করে দেওয়ার বিষয়টি আমাদের প্রত্যাশিত ছিল না। মামলা বাতিলের আবেদন রিটে করা হয়নি।" অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারপক্ষে রায় স্থগিতের আবেদন জানানো হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হবে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আদেশ দেবেন। এদিকে আদালতের নির্ধারিত সময়ের পরে খাস কামরায় হাইকোর্টের রায় স্থগিতের সরকারের আবেদনের ওপর 'একতরফা শুনানির' প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুপুরে একটি সভা করে। সমিতির দক্ষিণ হলে সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আইনজীবীরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ব্যারিস্টার রফিক উল হক বলেন, শেখ হাসিনার পক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে একতরফাভাবে শুনানি করা হয়েছে। তবে শুনেছি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বৃহস্পতিবারের কার্যতালিকায় রায় স্থগিতের আবেদনটি র্অর্ন্তভূক্ত করতে প্রত্যাখ্যান করেছেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান, সিনিয়র অ্যাডভোকেট এ এফ এম মেজবাহউদ্দিন, সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সম্পাদক এম ইনায়েতুর রহিম। পূর্বকথা ব্যবসায়ী আজম জে চৌধুরী গত বছর ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বাদীর কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫শ' টাকা চাঁদা নেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করে। ওইদিনই মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করে শেখ হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলাটির তদন্ত কর্মকর্তা। ১৩ জানুয়ারি মহানগর দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই হাইকোর্ট এক রুলের মাধ্যমে সরকারকে এ ব্যাপারে কারণ দর্শাতে বলে। আদালত ওই দিনই মামলাটির কার্যক্রম স্থগিত ও শেখ হাসিনার জামিন মঞ্জুর করে। গত ২ আগস্ট সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। পরে গত ২৬ নভেম্বর মামলাটি জাতীয় সংসদ ভবনে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে স্থানান্তর করা হয়। এর বৈধতা নিয়ে শেখ হাসিনার অপর এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৯ ডিসেম্বর তিন মাসের জন্য এ মামলার বিচার কার্যক্রম স্থগিত করে। তবে হাইকোর্টের ওই আদেশ সুপ্রিম কোর্ট ১৩ ডিসেম্বর স্থগিত করে দেয়। এরপর হাইকোর্ট গত ১৭ জানুয়ারি মামলাটির কার্যক্রম আবার স্থগিত করে দেয়। তবে হাইকোর্টের ওই আদেশ ২৪ জানুয়ারি আপিল বিভাগে স্থগিত হয়ে যায়। ২৩ জানুয়ারি হাসিনার রিটটির চূড়ান্ত শুনানি শুরু হয়। ৭ দিন শুনানি চলার পর আদালত রায় ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএম/এসইউএম/জেকে/এমএইচবি/২০০৯ ঘ.