২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত বদলের আবেদন করবেন হাসিনার আইনজীবীরা

ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলায় বর্তমান আদালতে 'ন্যায় বিচার' পাবেন না এই আশঙ্কা প্রকাশ করে আদালত বদলের জন্য আবেদন করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় বাদী আজম চৌধুরীর সোমবার নেওয়া জবানবন্দি বাতিলের জন্য হাসিনার আবেদনটি মঙ্গলবার আদালত নাকচ করার পর আসামীপক্ষের আইনজীবীরা এমন আশঙ্কা করে মহানগর দায়রা জজ মো.আজিজুল হকের কাছে একটি আবেদন জমা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 11:57 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজির মামলায় বর্তমান আদালতে 'ন্যায় বিচার' পাবেন না এই আশঙ্কা প্রকাশ করে আদালত বদলের জন্য আবেদন করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলায় বাদী আজম চৌধুরীর সোমবার নেওয়া জবানবন্দি বাতিলের জন্য হাসিনার আবেদনটি মঙ্গলবার আদালত নাকচ করার পর আসামীপক্ষের আইনজীবীরা এমন আশঙ্কা করে মহানগর দায়রা জজ মো.আজিজুল হকের কাছে একটি আবেদন জমা দেন। একই সঙ্গে তারা দুই সপ্তাহের জন্য আদালত মুলতবি করারও আবেদন জানান। বিষয়টির ওপর রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে আগামী ১১ ফেব্র"য়ারি আদেশ দেওয়ার দিন ধার্য করেন আদালত। একইসঙ্গে ওইদিন আদালত বদলের জন্য হাইকোর্টে জমা দেয়া আবেদনের কপি জমা দেওয়ারও মৌখিকভাবে নির্দেশ দেন আদালত। সোমবার দু'পক্ষের আইনজীবীদের বিতণ্ডার মুখে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়। শোরগোলের এক পর্যায়ে বিচারক মো. আজিজুল হক কোনো কথা না বলে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ এজলাস ত্যাগ করেন। আসামীপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, "বাদীর জবানবন্দি বাতিলের জন্য দরখাস্ত না মঞ্জুর হওয়ায় আসামীরা ক্ষুব্ধ হয়েছেন। তারা ন্যায়বিচার পাবেন না এ আশংকায় আদালত বদল করার জন্য উচ্চ আদালতে আবেদন করবেন বলে বর্তমান আদালতে একটি দরখাস্ত দেন।" সকাল ১১টা ৪০ মিনিটে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক আসামীপক্ষের আবেদনটি মৌখিকভাবে নাকচ করে দেন। এরপর ১৫ মিনিট আদালত মুলতবি রেখে বিচারক তার খাস কামরায় গিয়ে এ বিষয়ে লিখিত আদেশ এনে তা পড়ে শোনান। সকাল ৯টা ৪৫ মিনিটে বিচার কাজ শুরু হলে শুনানিতে অংশ নিয়ে আসামী পক্ষের আইনজীবীরা বলেন, "৩০ জানুয়ারি সাক্ষীর জবানবন্দি শেষ করা হয়েছিল। আপনিও মৌখিকভাবে আমাদেরকে বলেছিলেন, বাদীকে জেরা করতে। এ সংক্রান্ত খবর মিডিয়াতে প্রকাশিতও হয়েছে। এরপরও সোমবার নতুন করে যে জবানবন্দি নেওয়া হয়েছে তা আইন-বর্হিভূত।" তারা আরও বলেন,"নতুন করে বাদীর জবানবন্দি নিতে হলে তাকে জেরা করার পর আদালতের কাছে আবেদন করতে হবে। কিন্তু রাষ্ট্রপক্ষ তা করেননি।" এ সময় তারা "নথি সাক্ষ্য গ্রহণের জন্য লওয়া হইলো। পি-ডব্লিউ-১ আজম জে চৌধুরীর জবানবন্দি গ্রহণ করা হইলো" --বিচারকের একথা লেখা আদেশও পড়ে শোনান। জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, "৩০ জানুয়ারি সাক্ষীর জবানবন্দি শেষ হয়নি। তাই সোমবার বাকি অংশ নেওয়া হয়েছে। সেটা বাতিল করার কোন বিধান আইনে নেই। সুতরাং আদালত অনুমতি দিলে আমি সাক্ষীর জবানবন্দি নেওয়া শুরু করতে পারি।" এ অবস্থায় বিচারক বলেন,"জবানবন্দি নেওয়ার পর তা বাতিল করার কোনো নজীর আছে বলে আমার মনে পড়ে না। যদি আপনারা তা দেখাতে পারেন তাহলে একদিনের জন্য আমি আদালত মুলতবি করতে পারি। না হলে ওই দরখাস্তের বিষয়ে আমি এখনই আদেশ দেব।" আসামী পক্ষের আইনজীবীরা এ সময় বলেন,"ভুলটা আপনি করেছেন। সেটা কীভাবে সংশোধন করবেন তা আপনার বিষয়।" আসামি পক্ষের আইনজীবীরা প্রায় ২০ মিনিট বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচলার পর আগামী রোববার পর্যন্ত আদালত মুলতবি করার আবেদন করেন। কিন্তু 'এতদিন মুলতবি করা সম্ভব নয়' মন্তব্য করে বিচারক দরখাস্তটি নাকচ করে দেন। এ সময় শেখ হাসিনা বলতে থাকেন, "রায় কি হবে তা আমাদের জানা আছে। এসব না করে সরাসরি রায়টা ঘোষণা করে দিলেই সব ঝামেলা চুকে যায়।" সকাল ৯টা ১৫ মিনিটে শেখ ফজলুল করিম সেলিম এবং ৯টা ৩০ মিনিটে শেখ হাসিনাকে আদালতে নেওয়া হয়। সকালে বিচারক এজলাসে আসার পরপরই আসামী পক্ষের আইনজীবী কামরুল ইসলাম সোমবারের ঘটনার কথা উল্লেখ করে বলেন,"রাষ্ট্রপক্ষের আইনজীবীর অসৌজন্যমুলক আচরণের কারণেই ওই দুঃখজনক ঘটনা ঘটে। কিন্তু আপনি এ সংক্রান্ত যে অর্ডার দিলেন তাতে একতরফা আমাদেরকে দোষারোপ করেছেন।" তিনি আরও বলেন,"আপনার সামনে পিপি টেবিলে ফাইল ছুড়ে মেরেছে। আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে। সেসব বিষয় উল্লেখ না করে সব দোষ আমাদের দিয়েছেন। পিপির শক্তির উৎস কোথায়? আপনি তার ভয়ে ন্যায়বিচার করতে পারছেন না।" কামরুল বলেন,"আমরা জানি এটা আপনি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কথায়। গতকাল সন্ধ্যায় তাদের একজনকে আপনার চেম্বারে দেখা গেছে।" এ সময় বিচারক বলেন,"না সেটা ঠিক নয়। আমার বিবেকের কাছে যা সঠিক মনে হয়েছে, আমি তাই লিখেছি।" দুপুর ১টার দিকে বিচারক এজলাস ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১৭৪০ঘ.