২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের সেই ৮৯৭ প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে

রাজউকের বাতিল করা ৮৯৭টি প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। যাচাই-বাছাই করে প্লট পাওয়া ৩০০ জনকে তা বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকিদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

বিশেষ দ্রষ্টব্য: রাজউকের প্লট বর্তমান তত্ত্বাবধায়ক সরকারই ২০০৭ সালে বাতিল করে। এগুলো বরাদ্দ দেওয়া হয় বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে। ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউকের বাতিল করা ৮৯৭টি প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। যাচাই-বাছাই করে প্লট পাওয়া ৩০০ জনকে তা বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকিদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাট সাবেক সাংসদদের ছাড়তে হবে, থাকতে হলে বেশি ভাড়া দিতে হবে। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা গোলাম কাদের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "গত বছর ৮৯৭টি প্লট বরাদ্দ বিভিন্ন অভিযোগে বাতিল করা হয়েছিল। এর মধ্যে যাদের নথিপত্র ঠিক আছে, তাদের মধ্য থেকে ৩০০ জনকে বাছাই করে প্রাথমিকভাবে প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকিদের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।" উপদেষ্টা বলেন, "টাস্কফোর্সের তদন্তে রাজউকের প্লট বরাদ্দে কিছু অনিয়ম ধরা পড়েছে। এই অনিয়ম দূর করার বিষয়ে তারা কয়েকটি সুপারিশও করেছে। সেই সুপারিশের ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করতে রাজউককে বলা হয়েছে।" প্লট বরাদ্দে স্বজনপ্রীতি করা হয়েছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নে গোলাম কাদের বলেন, "স্বজনপ্রীতি হয়েছে কি না, বলতে পারব না। তবে সবকিছু নিয়মমাফিক হয়নি।" বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে রাজউকের ওই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়। সাংসদদের জন্য ন্যাম ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের বিষয়ে উপদেষ্টা জানান, বর্তমান সরকার এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিলেও পরবর্তী সময়ে তা স্থগিত করা হয়। এখন নতুন করে বরাদ্দ বাতিল ও তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, "সংসদ সদস্য হিসেবে তারা ফ্ল্যাট বরাদ্দ পেয়েছিলেন; কিন্তু এখন তাদের সংসদ সদস্য পদ নেই। তাই তাদের বাসা ছাড়তে হবে, নতুবা বেশি ভাড়া দিয়ে থাকতে হবে।" উপদেষ্টা গোলাম কাদের জানান, রাজধানীর পরিত্যক্ত সরকারি ভবনগুলো ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/এমএ/১৬৩৩ ঘ.