চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরী বলেছেন, সরকারি উদ্যোগে নয় নিজ তাগিদেই সামাজিকভাবে দুর্নীতি প্রতিরোধে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, "নতুন প্রজন্মের প্রতিনিধি ছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। কেননা আমরা যারা ষাটোর্ধ্ব বয়েসী তারা কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছি।" দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোতে নতুন প্রজন্মের প্রতিনিধিদের সম্পৃক্ত করার জন্য আহ্বান জানান দুদক চেয়ারম্যান।
মঙ্গলবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
যিনি সোজা পথে থাকেন তিনি কোন দুর্নীতি করতে পারেন না উল্লেখ করে হাসান মশহুদ চৌধুরী বলেন, "নিজ পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে এবং সমাজের সকল স্তরের নাগরিকের মাঝে দুনীর্তির বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে।"
তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের কথায় নয়, কাজে আন্তরিক এবং আচরণে বির্তকিত না হওয়ার আহবান জানান।
নির্বাচনের পর রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, "এক বছর পর কি হবে তার জন্য বর্তমান প্রক্রিয়া থেমে থাকতে পারে না।" পরের প্রেক্ষাপটে করণীয় পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে দুদক চেয়ারম্যান জানান।
মতবিনিময় সভায় দুদকের সচিব মোখলেস উর রহমান, মহাপরিচালক আবু তালেব ভূঁইয়া, দুদক চট্টগ্রামের পরিচালক মেজর জুলফিকার আলী, নোয়াখালী দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মোমেন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী বক্তব্য রাখেন।
চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা ও ৯৯টি উপজেলায় ৬৯৯ জন সদস্যকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রতিরোধ কমিটির ৬৯৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৫৪৮ ঘ.
bdnews24