ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মঙ্গলবার সকালে দেখা করেছেন।
এ সময় তারা দুই দেশের স্বার্থ -সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের অন্য কোনও নেতাও উপস্থিত ছিলেন না। আর আলোচনার বিষয় নিয়ে জিল্লুর রহমান কিংবা পিনাক রঞ্জন চক্রবর্তী সাংবাদিকদের কিছু বলেননি।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বি এম মোজাম্মেল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জনের সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সুঞ্জীব সিংলাহ।
জিল্লুর রহমানের বাসায় দুপুরে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, পিনাক রঞ্জন চক্রবর্তী ও সঞ্জীব সিংহলা সকাল ১০টায় ওই বাসায় যান। তারা প্রায় এক ঘণ্টা সেখানে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এমএ/১৫১৭ঘ.
bdnews24