ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা আসম হান্নান শাহের আটকাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিতের জন্য সরকারের করা আবেদনের শুনানি হবে ১৩ ফেব্র"য়ারি।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন এই তারিখ ধার্য করেন। শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায় স্থগিত রাখার আবেদন জানান।
হান্নান শাহের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "এর আগে জরুরি বিধিমালার মামলায় হান্নান শাহকে হাইকোর্ট জামিন দিয়েছিল। সেই জামিন আপিল বিভাগও বহাল রেখেছে। তার কারামুক্তি ঠেকাতে এই আটকাদেশ দেয়া হয়েছে।"
গত ৩০ জানুয়ারি তারেক রহমান ও আসম হান্নান শাহের আটকাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাদের অবিলম্বে মুক্তি দিতেও সরকারকে নির্দেশ দিয়েছিল আদালত।
ওই নির্দেশের পর তারেক ও হান্নান শাহর আইনজীবীরা জানান, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা ১০টি মামলার মধ্যে ছয়টিতে তিনি জামিন না পাওয়ায় আপাতত মুক্তি পাচ্ছেন না। তবে হান্নান শাহের বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় তার কারামুক্তিকে কোন বাধা নেই।
গতবছর ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এরপর ১৩ এপ্রিল তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেয় সরকার। আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের পক্ষে গত ২ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওইদিনই আদালত তারেক রহমানের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের কাছে তার কারণ জানতে চায়।
রফিক উল হককে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট এ এইচ এম মিজানুর রহমান। তারেক রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএইচবি/২২০২ ঘ.
bdnews24