ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড নিয়ে রোববার আওয়ামী লীগের এক আলোচনা সভায় তার ছেলে ড. রেজা কিবরিয়া অভিযোগ করেন, এই সরকার বিএনপি-জামায়াতকে বাঁচাতে সব হত্যাকাণ্ডের দায় হরকাতুল জিহাদের ওপর চাপাচ্ছে। তিনি দুঃখ করে এও বলেন "২১ আগস্টের গ্রেনেড হামলার পর আওয়ামী লীগ আন্দোলন গড়ে তুললে আমার বাবাকে এভাবে মরতে হতো না।"
কিবরিয়ার হত্যাকাণ্ডের জন্য বিগত চারদলীয় জোটকে দায়ী করে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, "কিবরিয়ার আপসহীন ও নীতির বিষয়ে অবিচল ছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে।"
আলোচনায় আওয়ামী লীগের নেতারা অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি বলেছে, তারা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। নিঃশর্ত সংলাপসহ সরকারকে সকল ক্ষেত্রে তারা সহায়তা করতে চায়। দলের সভানেত্রী শেখ হাসিনাসহ সব রাজনৈতিক বন্দীর মুক্তিও দাবি করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে এই আলোচনা সভায় রেজা কিবরিয়া বলেন, "স্বাধীনতার পর থেকে বুদ্ধিজীবী হত্যা একটা রেওয়াজে পরিণত হয়েছে। এই সরকার সকল হত্যাকাণ্ডের জন্য হরকাতুল জিহাদের ওপর দোষ চাপাচ্ছে। বিএনপি-জামায়াতকে বাঁচাতেই এটা করা হচ্ছে। বিএনপি'র সংস্কারপন্থী হিসাবে যাদের দেখা যাচ্ছে সেখানেও আমার বাবার দু'একজন হত্যাকারীকে দেখা যাচ্ছে।"
সভাপতির বক্তব্যে সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেন। তিনি সরকারের নীতিনির্ধারকদের উদ্দেশে বলেন, "অন্যায়ের বিচার করুন। ভাগাভাগি করে অন্যায়ের বিচার হয় না।"
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আমির হোসেন আমু দলে ঐক্যের ব্যাপারে বলেন, "আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে যে সিদ্ধান্ত হবে সে সিদ্ধান্ত মোতাবেক চললে দলে ঐক্য থাকবে। সভাপতিমণ্ডলীতে একটা সিদ্ধান্ত হবে, আর বাইরে এসে যারা আরেকটা কথা বলবে তারা দলের ঐক্যে ফাটল ধরাতে চায়। তারা সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্ট করতে চায়।"
তিনি বলেন "ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগে ঐক্যের প্রয়োজন।"
বুদ্ধিজীবীদের হত্যার বিচার করার আহবান জানিয়ে তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার করলেই অনেক যুদ্ধাপরাধীর বিচার হয়ে যাবে।
কিবরিয়া হত্যা প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, "তারা (চার দলীয় জোট) আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপসহীন ও নীতির বিষয়ে অবিচল ছিলেন বলেই কিবরিয়াকে হত্যা করা হয়েছে।"
তিনি বলেন, "সব অপরাধের বিচার হচ্ছে। শুধু যুদ্ধাপরাধীদের বিচার হবে না কেনো? জামায়াতে ইসলামির ১৪টি সংগঠন রয়েছে। যেগুলো জামায়াতের টাকা ও পরিকল্পনায় চলে। তাদের দিয়েই সব ঘটনা ঘটানো হচ্ছে।"
তোফায়েল আহমদ সরকারের উদ্দেশে বলেন, "আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। আমরা নিঃশর্ত সংলাপ চাচ্ছি। সময়ক্ষেপণ না করে রোডম্যাপ বাস্তবায়ন করুন। আমরা সকলক্ষেত্রে সরকারকে সহায়তা করতে চাই। যতদ্রুত সম্ভব গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত জণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।"
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারাই দেশের পক্ষে কথা বলছেন তারাই প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার হচ্ছে। একটি দুর্নীতিমনষ্ক মন দিয়ে দুর্নীতির বিচার করা যায় না।
নিঃশর্ত সংলাপের দাবি জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, "কর্মী ও দেশবাসীর আকাক্সক্ষা, যে নেত্রী দশ টাকা কেজিতে চাল খাইয়েছেন সে নেত্রীকে নিয়েই আওয়ামী লীগ নির্বাচনে যাবে।"
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ সভায় আরও বক্তব্য রাখেন আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান সিরাজ ও এডভোকেট কামরুল ইসলাম।
বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২০৩৯ ঘ.
bdnews24