ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী অভিযানসহ অন্যান্য সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে আওয়ামী লীগ।
রোববার সংসদ ভবনের বিশেষ আদালত থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
আদালতে শেখ হাসিনার সঙ্গে কথা বলার পরই জিল্লুর রহমান একথা জানান। কারাবন্দি শেখ হাসিনার সুচিকিৎসা এবং তাকে মুক্তি দিয়েই নির্বাচনের সময়সূচি ঘোষণার দাবি জানান তিনি।
জিল্লুর রহমান বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আইনসঙ্গতভাবে দুর্নীতিবিরোধী অভিযানসহ অন্যান্য সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে।"
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় রোববার অভিযোগ গঠনের শুনানি হয়। সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে সকাল সাড়ে ৯টার দিকে হাসিনাকে বিশেষ জজ আদালত- ১ এ হাজির করা হয়। ওই মামলার বিচার কাজ ৭ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
শুনানি শেষে আদালত আইনজীবী ও আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলতে হাসিনাকে এক ঘণ্টা সময় দেয়।
জিল্লুর রহমান বলেন, "নেত্রী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের জনগণকে ১৫/১৬ টাকা কেজি দরে চাল খাওয়াবেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও অর্ধেকে নামিয়ে আনবেন।"
শেখ হাসিনাকে অবিলম্বে মুক্তি দিয়ে এর পরই নির্বাচনের সময়সূুচি ঘোষণার দাবি জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
কারাগারে শেখ হাসিনার সুচিকিৎসা হচ্ছে না অভিযোগ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১২২৫ ঘ.
bdnews24