ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা মনে করেন, বাইরে থেকে প্রভাব না খাটিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হলে তিনি আদালতের মাধ্যমেই মুক্তি পাবেন। চাঁদাবাজি মামলায় আদালতে বাদি আজম জে চৌধুরীর বক্তব্যে তার মনোবল বেড়ে গেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে বলেই দৃঢ় আশা পোষণ করেন তিনি।
শেখ হাসিনার দুই আইনজীবী গোলাম আরিফ টিপু ও কামরুল ইসলাম শনিবার বিকালে বিশেষ কারাগারে আটক হাসিনার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা জানান।
আইনজীবীরা বলেন, আজম জে চৌধুরীর মামলায় ফাঁসানো যাবে না বলেই তড়িঘড়ি করে রোববার থেকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জ মাউন্টেড) স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলার কার্যক্রম শুরু করা হচ্ছে বলে শেখ হাসিনা তাদের জানিয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করতে অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও কামরুল ইসলাম বিকাল সাড়ে ৩টায় বিশেষ কারাগারে ঢোকেন। পৌনে দুঘণ্টা পর বিকাল সোয়া ৫টার সময় তারা বেরিয়ে আসেন।
ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু সাংবাদিকদের জানান, শেখ হাসিনা সুস্থ আছেন।
তিনি বলেন, "তার (হাসিনা) মনোভাব হলো, ন্যায়বিচার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাক। তিনি বিশ্বাস করেন, তার বিরুদ্ধে যে সব অভিযোগ করা হয়েছে তা সত্যের অপলাপ।"
কামরুল ইসলাম বলেন, "আজম জে চৌধুরীর সাক্ষ্যের পর তার (হাসিনা) মনোবল অনেক বেড়ে গেছে। আদালতকে প্রভাবান্বিত করা না হলে এবং নিরপেক্ষভাবে কাজ করতে দিলে রায় তার পক্ষে যাবে বলেই তিনি মনে করেন।"
তিনি আরও বলেন, "শেখ হাসিনার দৃঢ় বিশ্বাস, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছে, আজম জে চৌধুরীর মামলায় তাকে ফাঁসানো যাবে না। এ জন্য আরেকটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলার কাজ শুরু করতে যাচ্ছে।"
আইনজীবীরা জানান, উচ্চ আদালতে অ্যামিকাস কিউরিদের বক্তব্যও শেখ হাসিনার মনোবল বাড়িয়ে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯১৮ ঘ.
bdnews24