প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জমাউন্টেড) স্থাপন সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রোববার অভিযোগ গঠনের শুনানি হতে পারে। হাসিনার আইনজীবীরা অবশ্য বলছেন, প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় তারা শুনানির দিন পেছানোর আবেদন করবেন।
গত ২৮ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক রোববার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করে বিচার শুরুর জন্য সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ১ এ পাঠিয়ে দেন।
এর আগে ১৩ জানুয়ারি ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা আরেকটি মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ফুফাতো ভাই ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ওই মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।
শেখ হাসিনার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল (রোববার) মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত আছে। তবে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় আমরা শুনানির প্রস্তুতি নিতে পারিনি। এজন্য কাল আদালতের কাছে শুনানির দিন পিছিয়ে দেওয়ার আবেদন করা হবে।"
আওয়ামী লীগ সভানেত্রী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
এতে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন।
এতে আরও অভিযোগ করার হয়, বার্জ মাউন্টেড বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি সর্বনিু দরদাতা হলেও তাদের কাজটি দেওয়া হয়নি। আর্থিক সুবিধা নিয়ে ওয়ার্টসিলা পাওয়ার ডেভেলপমেন্ট লিমিটেড কনসোর্টিয়ামকে এই প্রকল্পের কাজ দেওয়া হয়।
মামলার অভিযোগপত্রে শেখ হাসিনা ও তৌফিক ই ইলাহী চৌধুরী ছাড়া অন্যদের পলাতক দেখানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তৌফিক ই এলাহী চৌধুরী ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় সাতজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
১০ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমানকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এর আগে গত বছরের ২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। মামলাটিতে জামিনের আবেদনও করেন তিনি।
৪ নভেম্বর হাইকোর্ট শেখ হাসিনার জামিন দিয়ে জরুরি আইনে অন্তর্ভুক্ত করা এ মামলার কার্যক্রম স্থগিত করে।
তবে ২৬ নভেম্বর হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেয় সুপ্রিমকোর্ট। ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএ/১৫৫৭ঘ.
bdnews24