ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা তুলে নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে শেখ হাসিনাসহ সব রাজনৈতিক নেতার মুক্তিও চেয়েছে তারা।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শনিবার সাংবাদিকদের জানান, শুক্রবার দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে শেখ হাসিনাসহ সব রাজবন্দির মুক্তি এবং জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবিও জানানো হয়েছে।
জিল্লুর রহমান বলেন, "বর্তমান সীমাবদ্ধতার মধ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।"
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ কমিটির বৈঠক শেষে জিল্লুর রহমান এ কথা বলেন। এর মধ্য দিয়ে সিডর দুর্গত এলাকায় আওয়ামী লীগের ত্রাণ কার্যক্রমের সমাপ্তি টানা হলো।
জিল্লুর রহমান বলেন, "দুর্গতদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কিন্তু, সরকার তাতে সাড়া দেয়নি। এতে আমরা দুঃখ পেয়েছি।"
তবে শেখ হাসিনার নির্দেশেই সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে চেয়ারম্যান এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নাজমা রহমানকে সদস্য সচিব করে আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন করা হয় বলে জিল্লুর রহমান জানান।
আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, ৩১ জানুয়ারি পর্যন্ত ত্রাণ হিসাবে আওয়ামী লীগ এক কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ১৭০ টাকা পেয়েছে। এর পুরোটাই দুর্গত এলাকায় ব্যয় করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি পুনর্বাসনের জন্য ১৫ লাখ টাকা বিতরণ করা হয়।
সিডর দুর্গতদের জন্য সরকারের পর আওয়ামী লীগই সবচেয়ে বেশি সাহায্য করেছে বলে আব্দুর রাজ্জাক দাবি করেন।
তিনি জানান, সিডর দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম শেষের পরও কেউ টাকা দান করলে তা আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে জমা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫০১ ঘ.
bdnews24