গাইবান্ধা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক কর্তৃক দখল করা সরকারি জায়গা থেকে তাকে বুধবার উচ্ছেদ করা হয়েছে।
এর আগে তাকে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। উচ্ছেদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সোমবার রাতে ফারুক ডিগ্রি কলেজ রোড এলাকায় জেলা পরিষদের জায়গায় একটি টিনের চালা ঘর তোলেন।
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে ফারুক জেলা পরিষদের প্রায় চার শতক সরকারি জায়গা দখল করে একটি টিনের ঘর তোলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার সকাল ১১টার দিকে তিনি (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে ফারুককে এক ঘণ্টার মধ্যে জায়গা দখলমুক্ত করার মৌখিক নির্দেশ দেন।
কিন্তু এরপরও ওই স্থান থেকে ফারুক তার তোলা ঘর অপসারণ না করায় তাকে তিনি সাদুল্যাপুর থানা পুলিশে সোপর্দ করেন এবং ফারুকের তোলা ঘর ভেঙে দেন।
এরপর মুচলেকা নিয়ে ফারুককে ছেড়ে দেওয়া হয় বলে জানান ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩২৫ঘ.
bdnews24