ঢাকা ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান বলেছেন, দুর্নীতির অভিযোগ রয়েছে- এমন অনেকেই বিভিন্ন দল থেকে মনোনয়ন পেলেও তারা পরাজিত হয়েছেন। এতে করে জনতারই জয় হয়েছে। জনগণ যে দুর্নীতি চায় না- এটাই তার প্রমাণ।
বুধবার কমিশনের শেষ কর্মদিবসে চেয়ারম্যান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন থেকে ট্রুথ কমিশনে আসা মামলাগুলোর অর্ধেকেরই তদন্তে অস্পষ্টতা রয়েছে। কাজ করতে গিয়ে ট্রুথ কমিশন এসব মামলার অভিযোগের ব্যাপারে স্পষ্টতা পায়নি।
কমিশনের সদস্য আসিফ আলি জানান, কমিশনে যেসব মামলা এসেছে তার ৮০ ভাগই ছোটখাটো। কেউ হয়তো ২০০ টাকার জন্য তিন মাস কারাভোগের পর দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ট্রুথ কমিশনে এসেছেন। অনেকে আবার টাকা না থাকায় ঢাকায় এসে ট্রুথ কমিশনের বারান্দায় রাত কাটিয়েছেন।
কমিশনের অপর সদস্য মঞ্জুর রশিদ বলেন, "এমন লোকও আছেন, যিনি টাকা আত্মসাত না করেও ১২ বছর মামলা চালানোর পর আমাদের এখানে এসছেন। পারিবারিকভাবে তাকে বেশ ক্ষতির শিকার হতে হয়েছে। এসব ঘটনা খুবই কষ্টের। তবে ট্রুথ কমিশন থেকে তারা এ সব ব্যাপারে যথেষ্ট সুবিচার পেয়েছেন।"
বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, "একটি প্রতিষ্ঠান হিসাবে কমিশনের ৫ মাস মেয়াদ যথেষ্ট নয়। আরো ৫/৬ মাস আগে ট্রুথ কমিশন প্রতিষ্ঠিত হলে ব্যবসায়ী ও রাজনীতিবিদরা এখানে আসার জন্য উৎসাহ পেতেন।
কমিশনের কাজ সম্পর্কে সরকারকে করে প্রতিবেদন দেওয়া হবে জানতে চাইলে চেয়ারম্যান জানান, ৩১ ডিসেম্বররের মধ্যেই প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো কিছু কাজ বাকি আছে। জানুয়ারির ৩/৪ তারিখের মধ্যে প্রতিবেদন দিয়ে দেওয়া হবে।
নতুন সরকারকে সঠিক ও সুন্দরভাবে এগুতে হলে দুর্নীতি দমন কমিশনসহ দেশের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলোকে আরো শক্তিশালী করতে হবে বলে মত প্রকাশ করেন বিচারপতি হাবিবুর রহমান খান।
মঞ্জুর রশিদ বলেন, "আশা করা হয়েছিল- কমিশনে ব্যবসায়ী রাজনীতিবিদরা আসবেন। কিন্তু সেটা হয়নি। যারা এসেছেন তাদের অধিকাংশই সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ।"
ক্ষোভের সঙ্গে তিনি আরও বলেন, "রুই কাতলা না আসলেও কমিশন তার কাজের দিক দিয়ে এগিয়ে গেছে, ব্যর্থ হয়নি।"
৫ মাসের কর্মকাণ্ডের হিসাব দিতে গিয়ে কমিশন চেয়ারম্যান জানান, এই ৫ মাসে মোট ৪৯১ জন ট্রুথ কমিশনের অনুকম্পা চেয়ে আবেদন করেছেন। শুনানি শেষে রায় দেওয়া হয়েছে ৪৫২ জনের। আবেদন করার পরও শুনানিতে হাজির হননি ৩০ জন। এছাড়া ৯ জনের আবেদন ফেরত পাঠানো হয়েছে।
কমিশন বিভিন্ন মামলায় মোট ৩৬ কোটি ৯৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে ৩৩ কোটি ৮০ লাখ ২১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় অনেকে টাকা জমা দিতে পারেননি। অ্যাকাউন্ট চালু হওয়া মাত্র তারা যাতে টাকা দিতে পারেন সে ব্যাপারে নিদের্শনা দেওয়া হয়েছে।
চেয়ারম্যান বলেন, "৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ২৬৪ জনকে মর্জনাপত্র দেওয়া হয়েছে। বাকিদের কাগজ তৈরি করা আছে। তারা আজ কালের মধ্যে এসে নিয়ে যেতে পারেন।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশনের অসমাপ্ত কাজের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এ ব্যাপারে কাজ চলছে।
বিচারপতি হাবিবুর রহমান বলেন, "আজই অনুষ্ঠানিকভাবে আমাদের দায়িত্ব শেষ। ছোটখাটো কিছু কাজ বাকি আছে, সেগুলো ২/১ দিনের মধ্যে শেষ হয়ে যাবে।"
গত জুনে জারি হওয়া 'স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ ২০০৮' এর আওতায় পাঁচ মাসের জন্য সত্যতা ও জবাবদিহিতা কমিশন বা ট্রুথ কমিশন গঠন করা হয়। এ অধ্যাদেশ অনুযায়ী, দুর্নীতির দায়ে দুই বছর বা তার বেশি সময়ের জন্য কারাদণ্ডাদেশপ্রাপ্তরা ছাড়া যে কেউ এ কমিশনে এসে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে ক্ষমার সুযোগ পান।
গত ৩ আগস্ট কার্যক্রম শুরুর পর ট্রুথ কমিশন গত ১ সেপ্টেম্বর শুনানি শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২৩০৭ ঘ.
bdnews24