২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সংবাদ সম্মেলন বুধবার

মহাজোট প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার ১১টায় সংবাদ সম্মেলনে তাদের প্রতিক্রিয়া জানাবেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার মঙ্গলবার বিকেলের নির্ধারিত সংবাদ সম্মেলনটি 'অনিবার্য কারণে' স্থগিত করা হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার ১১টায় সংবাদ সম্মেলনে তাদের প্রতিক্রিয়া জানাবেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার মঙ্গলবার বিকেলের নির্ধারিত সংবাদ সম্মেলনটি 'অনিবার্য কারণে' স্থগিত করা হয়। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "অনিবার্য কারণ বশতঃ সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো। এটি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। সময় ও স্থান পরে জানানো হবে।" পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শেখ হাসিনার নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিক সম্মেলনটি মঙ্গলবার বিকেল ৪টায় হওয়ার কথা ছিলো। সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে দুপুর আড়াইটার মধ্যেই দেশি- বিদেশি শতাধিক সংবাদকর্মী প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে উপস্থিত হন। একইসঙ্গে সেখানে আসতে থাকেন বিভিন্ন আসন থেকে নির্বাচিত দলীয় প্রার্থীরা। এক সময় দেখা যায় ভিআইপি লাউঞ্জে ধারণক্ষমতার বেশি সাংবাদিক ও দলীয় নেতারা উপস্থিত হয়েছেন। এ পরিস্থিতিতে বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেন আয়োজকরা। সাংবাদিকদের জানানো হয়, ভিআইপি লাউঞ্জের বদলে প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন হবে। এ ঘোষণার পর জড়ো হওয়া সাংবাদিক ও দলীয় নেতা-কর্মীরা হুড়োহুড়ি করে মিলনায়তনের সামনে জড়ো হন এবং এসএসএফ এর নিরাপত্তা গেট উপেক্ষা করে মিলনায়তনে ঢোকার জন্য হুড়োহুড়ি করতে থাকেন। এক পর্যায়ে এসএসএফ এর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যায়। এ সময় আবুল কালাম, আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম ও শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা আলোচনার ভিত্তিতে সংবাদ সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেন। ৪টা ৫০ মিনিটে আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেন এবং তা আগামীকাল হবে বলে জানান। ২৯ ডিসেম্বর নবম জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি নির্বাচনী ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৬২ আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। আওয়ামী এককভাবে বিজয়ী হয় ২৩০টি আসনে। অন্যদিকে মহাজোটের প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোট মাত্র ৩২টি আসনে বিজয়ী হয়েছে। নির্বাচনে জয়ী হবার পর এখনও আওয়ামী লীগ বা মহাজোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চারদলীয় জোটের প্রধান বিএনপির মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে/১৮৪০ঘ.