ঢাকা, ২৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনের প্রাক্কালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে টাকা বিতরণসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন।
তবে আওয়ামী লীগ সভানেত্রী একইসঙ্গে আশা প্রকাশ করে বলেন, "নির্বাচনের ফলাফল যা হয়, সবাই মেনে নিক।"
শেখ হাসিনা তার অভিযোগের সূত্র হিসেবে টিভি ও সংবাদপত্রসহ প্রচারমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর উল্লেখ করেন।
অনেক দিন পর ভোট দিতে পেরে তার ভালো লাগছে এ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, কোনো নির্বাচন না হওয়ার চেয়ে খারাপ হলেও নির্বাচন হওয়া ভালো।
টাঙ্গাইলের একটি জায়গায় নির্বাচনের আগের রাতেই ব্যালটে সিল মারার সময় প্রিজাইডিং অফিসার আটক হওয়ার ঘটনার উল্লেখ করে হাসিনা বলেন," চারদলীয় জোটের নেতাকর্মীরা ব্যালট পেপার কীভাবে পেল তা আমরা জানতে চাই। সরকার ও নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে তাও আমরা দেখতে চাই।"
শেখ হাসিনা এছাড়াও কক্সবাজারের টেকনাফ, নোয়াখালী,কুড়িগ্রাম, ফেনী ও সাতক্ষীরা সহ বিভিন্নস্থানে চারদলীয় জোটের কথিত ভোট 'কেনার' চেষ্টা, ও তাদের কর্মীদের গ্রেপ্তারের ১৬টি খবর তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১২৩০ঘ.
bdnews24