২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিয়ে খালেদা: চারদল বিপুল ভোটে জয়ী হবে

নবম সংসদ নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার দুপুর ১২টা ২ মিনিটে ঢাকা সেনানিবাসের আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেওয়ার পর তিনি এ আশা প্রকাশ করেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2008, 06:46 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার দুপুর ১২টা ২ মিনিটে ঢাকা সেনানিবাসের আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভোট দেওয়ার পর তিনি এ আশা প্রকাশ করেন। (আরো তথ্যসহ) খালেদা জিয়া বলেন, "সুষ্ঠু নির্বাচন হলে চারদলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হবে।" সুষ্ঠু নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথাও বলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়া শহীদ মইনুল রোডের বাসা থেকে দুপুর ১২টার দিকে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। এ সময় ভোটকেন্দ্রে সমবেত উৎসুক মানুষ ও ভোটাররা সাবেক এ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি কেন্দ্রের বুথ-৭ (মহিলা) এ ভোট দেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, "সারাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এই দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল। আজকের দিনটি দেশের মানুষের জন্য আনন্দের দিন। আমরা চাই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক।" নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, "এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আসছে তাতে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।" তিনি ফটোসাংদিকদের সামনে হাত তুলে বিজয়সূচক 'ভি' চিহ্নও দেখান। এ সময় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ছিলেন দলের সহ-সভাপতি অধ্যাপক সারওয়ারি রহমান এবং নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। নিজের ভোট দেওয়ার পরে খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা বিএফ শাহীন কলেজ পরিদর্শন করেন। এর তিনি নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে রওনা হন। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদও এর কিছু আগে একই কেন্দ্রে ভোট দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/১২৫৭ঘ.