ঢাকা,ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাল ব্যালট পেপার ছাপিয়ে তা চারদলীয় জোট প্রার্থীর ভোট বাক্সে ভরে দেওয়ার জন্য একশ'জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।
কট্টর বিএনপি সমর্থক হিসেবে পরিচিত 'আমার দেশ' পত্রিকার চেয়ারম্যান মাহমুদুর রহমানের নেতৃত্বে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।
তিনি শনিবার দলের ধানমন্ডিস্থ মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
এইচটি ইমাম বলেন," আমার দেশের চেয়ারম্যান মাহমুদুর রহমানের নেতৃত্বে দুই সাবেক আইজি, জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের সাবেক পিএস, বর্তমানে বিজি প্রেসের উপ-সচিব একশ'জনকে প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণের উদ্দেশ্য হলো, জাল ব্যালট পেপার তৈরি করে তা কিভাবে চারদলীয় জোটের বাক্সে দেওয়া যায়।"
এইচটি ইমাম আরও বলেন," চারদলীয় জোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার লক্ষ্যে ঢাকার সরকারি প্রেস থেকে গোপনে নমুনা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর ব্যবস্থা গ্রহণের অভিযোগ আমাদের কাছে এসেছে। লালমনিরহাট সদরের ইউএনও'র বিরুদ্ধে এ কাজে যুক্ত থাকার অভিযোগ ওঠায় তাকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।"
তিনি এসব কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।
সাবেক এ মন্ত্রীপরিষদ সচিব আরো অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন উগ্র জঙ্গি গ্র"পের সদস্যরা সুপরিকল্পিতভাবে চার দলীয় জোটের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষ করে জামায়াতের আসনগুলোতে জেএমবি, হরকাতুল জিহাদ, হিযবুত তাহরির প্রভৃতি গ্র"পগুলোর ইতোপূর্বে গ্রেপ্তার হয়ে মুক্তি পাওয়া সদস্যদের জামায়াত সদস্য পরিচয়ে কাজ করতে দেখা যাচ্ছে।
চারদলীয় জোট সমর্থক পত্রপত্রিকাগুলোতে বিভিন্ন 'বানোয়াট' নির্বাচনী জরিপের ফলাফল প্রকাশসহ বিভিন্ন 'অপপ্রচারের' অভিযোগ করে তিনি বলেন,"আর মাত্র দুই দিন পর ভোটের বাক্সে দেশবাসী বিএনপি-জামায়াত জোটের এসব মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের জবাব দেবে।"
বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের ক্যাডারদের সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে তারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্যও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।
ডেমোক্রাসি ওয়াচ, অধিকার, খান ফাউন্ডেশনসহ বিএনপি-জামায়াত সমর্থক হিসেবে পরিচিত সংস্থাগুলোকে পর্যবেক্ষণ তালিকা থেকে বাদ দেওয়াসহ আরো কিছু দাবিও জানান এইচ টি ইমাম।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, সাবেক সচিব মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৯৩৪ঘ.
bdnews24