বরিশাল, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিধি ভঙ্গের অভিযোগ করেছেন মহাজোটের প্রার্থী।
বুধবার রাতে মহাজোটের প্রার্থী জাহিদ ফারুক শামীমের পক্ষে তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী অ্যাডভোকেট লস্কর নুরুল হক নির্বাচনী তদন্ত কমিটির সদস্য সহকারী জেলা ও দায়রা জজ ইয়ার আলী মীরের কাছে এ অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়- চারদলীয় জোট প্রার্থী মজিবুর রহমান সরোয়ার মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টার মধ্যে নগরীর সোবাহান কমপ্লেক্সের গার্ডেন ইন রেস্তরাঁয় শতাধিক সরকারি চিকিৎসককে নিয়ে বৈঠক করেন এবং জোট প্রার্থীকে বিজয়ী করার জন্য তাদের কাজ করার আহবান জানান।
ওই বৈঠকে কয়েকজন সরকারি চিকিৎসক বক্তৃতা করেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
নির্বাচনের পূর্ব মুহূর্তে সরকারি কর্মকর্তাদের নিয়ে এ ধরনের বৈঠক নির্বাচন বিধিমালার ১৪ এর ২ ধারার পরিপন্থী উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত কমিটির কাছে আবেদন জানিয়েছেন লস্কর নুরুল হক।
এ ব্যাপারে সহকারী জেলা ও দায়রা জজ ইয়ার আলী মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বচনী বিধি ভঙ্গের কারণে বরিশাল-৫ আসনের চারদলীয় জোট প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে মহাজোট প্রার্থীর পক্ষ থেকে।
জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সভাপতি ডা. আলতাফ উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, "আমরা ওই রেস্তরাঁয় ডিনার করছিলাম। এ সময় মজিবুর রহমান সরোয়ার সেখানে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর টডকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০৫ ঘ.
bdnews24