ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, কুমিল্লায় উদ্ধার করা গ্রেনেড তাকে হত্যার জন্যই সেখানে নেওয়া হয়েছিল।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় লক্ষীপুরের রায়পুর মার্চেন্ট অ্যাকাডেমি মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। লক্ষীপুর-২ আসনের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার সমর্থনে এ সমাবেশ হয়।
মঙ্গলবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রাম থেকে তিনটি গ্রেনেড উদ্ধার করে র্যাব। দুপুর আড়াইটার দিকে গ্রেনেড উদ্ধারস্থলের এক কিলোমিটারের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে নির্বাচনী সভা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এর আগে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএন গত শনিবার জানায়, বাংলাদেশের আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-আল-ইসলামের ছয় সদস্য তৎপর রয়েছে।
লক্ষীপুরের জনসভায় খালেদা জিয়া দাবি করেন, তাকে হত্যার জন্যও ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, "নির্বাচন বানচাল করতে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। শুনেছি কুমিল্লায় গ্রেনেড পাওয়া গেছে। এগুলো আমাকে হত্যার জন্যই আনা হয়েছে।"
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, "বিএনপির গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছেন। আমাকে তারা দেশের বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিল। আমি তাতে রাজি হয়নি। এখন আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।"
তিনি দৃঢ়তার সাথে বলেন, "আমি সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছি। গণতন্ত্রের সংগ্রামে আমি সবসময় সামনে থাকি। এদেশের মানুষের সবসময় পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।"
এই সমাবেশের পর খালেদা জিয়ার গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে লক্ষীপুর সার্কিট হাউজে পৌঁছায়। এ সময় রাস্তার দু'পাশে হাজার হাজার মানুষ করতালির মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানায়।
এর আগে বিকেলে কুমিল্লার টাউন হল ময়দানে এক জনসভায় চার দলীয় জোট নেত্রী বলেন, "নির্বাচনে আর কয়েকদিন বাকি। এখনো নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন বানচালের। এই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এবার নির্বাচন বানচাল হলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা চাই।"
রাতে লক্ষীপুর থেকে ফেনী যাওয়ার পথে রামগঞ্জ কলেজ মাঠে নাজিম উদ্দিন আহমেদ, নোয়াখালীর প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নোয়খালীর চৌমুহনী রেলওয়ে মাঠে বরকত উল্লাহ বুলু, সোনাপুর পার্টি প্যালেস কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে মো. শাহজাহান এবং কবিরহাট কলেজ মাঠ ও বসুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে ব্যারিস্টার মওদুদ আহমেদের সমর্থেনে নির্বাচনী জনসভায় অংশ নেন খালেদা।
ফেনী সার্কিট হাউজে রাত কাটিয়ে বুধবার নিজের নির্বাচনী এলাকা ফেনী-১ আসনে তার জনসংযোগ করার কথা রয়েছে।
দক্ষিণাঞ্চলে দুই দিনের নির্বাচনী সফরের অংশ হিসেবে খালেদা জিয়া সকাল সাড়ে ১১টায় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে ফেনীর উদ্দেশে রওনা হন।
পথে বিভিন্ন জনসভায় মুন্সীগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী এম শামসুল ইসলাম; কুমিল্লা-৭ আসনের খোরশেদ আলম (কুমিল্লা-৭), কুমিল্লা-৩ আসনের মাজেদা আহসান মুন্সী এবং কুমিল্লা-৪ আসনের কাজী শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে ভোটারদের কাছে তাদের পক্ষে ভোট চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/ডিডি/জেকে/০১২০ ঘ.
bdnews24