২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আবেদন তাজুল ইসলামের

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা তিন কোটি টাকার "চাঁদাবাজি" মামলাটি প্রত্যাহারের জন্য মঙ্গলবার আবেদন জানিয়েছেন ব্যবসায়ী কাজী তাজুল ইসলাম ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা তিন কোটি টাকার "চাঁদাবাজি" মামলাটি প্রত্যাহারের জন্য মঙ্গলবার আবেদন জানিয়েছেন ব্যবসায়ী কাজী তাজুল ইসলাম ফারুক। দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় তিনি আবেদনটি জমা দেন। তবে পুলিশ জানিয়েছে বিধিঅনুযায়ী মামলা প্রত্যাহারের আবেদনটি আদালতে জমা দিতে হবে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে তাজুল ইসলাম ফারুক স্বাক্ষরিত মামলা প্রত্যাহারের একটি আবেদনপত্র আমি পেয়েছি। তবে আবেদনপত্রটি বিধি মোতাবেক আসেনি। এখানে পুলিশের করার কিছু নেই। বিধিঅনুযায়ী মামলা প্রত্যাহারের আবেদনটি আদালতে জমা দিতে হবে। আদালত থেকে এটা থানায় আসবে।" ওয়েস্টমন্ট পাওয়ার লিমিটিডের চেয়ারম্যান তাজুল ইসলাম গত বছরের ৯ এপ্রিল হাসিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করেন। মঙ্গলবার বিকেলে বারিধারার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন বলে দাবি করেন। তিনি বলেন, "ওই সময়ে উদ্ভুত পরিস্থিতিতে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি করতে হয়েছিল। আমার কাছে এ ঘটনাটি ছিল অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত। আমি সৎ-সাহসে ও স্বেচ্ছায় মামলাটি প্রত্যাহার করে নিয়েছি। একজন দায়িত্বশীল ব্যবসায়ী ও সচেতন নাগরিক হিসেবে ব্যবসার সঙ্গে রাজনীতিকে জড়াতে চাই না আমি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিএইচ/এমএইচবি/২০৩৫ ঘ.