২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারের বৈধতার জন্যই দুই নেত্রীর সঙ্গে সংলাপ'

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া মসৃণ করতে নয় বরং বর্তমান সরকার এবং তাদের সব কর্মকাণ্ডের বৈধতা দিতে দুই শীর্ষ নেত্রীর সঙ্গে সংলাপ জরুরি বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। মঙ্গলবার বেশ কয়েকজন সাংবাদিকদের উপস্থিতিতে নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, "ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া মসৃণ বা অন্য কোনো কারণে দুই নেত্রীর সঙ্গে বৈঠকের প্রয়োজন নেই। কারণ সংবিধানে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া মসৃণ করতে নয় বরং বর্তমান সরকার এবং তাদের সব কর্মকাণ্ডের বৈধতা দিতে দুই শীর্ষ নেত্রীর সঙ্গে সংলাপ জরুরি বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা। মঙ্গলবার বেশ কয়েকজন সাংবাদিকদের উপস্থিতিতে নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, "ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া মসৃণ বা অন্য কোনো কারণে দুই নেত্রীর সঙ্গে বৈঠকের প্রয়োজন নেই। কারণ সংবিধানে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।" অবশ্য আরেক উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, দায়িত্ব হস্তান্তর নিয়ে এমন কোনো বৈঠকের কথা তার জানা নেই। শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার বলেছিলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে মসৃণ করতে দুই প্রধান জোটের নেত্রীর সঙ্গে নির্বাচনের আগেই সংলাপে বসবে সরকার। মঙ্গলবার বিকেলে সাংবাদিকরা সচিবালয়ে একজন উপদেষ্টার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি টিভি সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার অনুরোধ জানান। এরপর নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, "এর আগের বিভিন্ন নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ, সদস্যদের শপথ গ্রহণ ও সরকার গঠনের জন্য ছয় থেকে ১০ দিন সময় লেগেছে। এই সরকারও সংবিধান অনুযায়ী ততটুকু সময় নেবে। এ জন্য কারো কাছে যেতে হবে না।" উপদেষ্টা বলেন, "বর্তমান সরকার এ পর্যন্ত ১০৫ থেকে ১১০টি অধ্যাদেশ জারিসহ বেশ কিছু গঠনমূলক কাজ করেছে। কিন্তু এসব কাজের আইনগত বৈধতা দেওয়ার জন্য পরবর্তী সরকারকে সংসদ অধিবেশন বসার ৩০ দিনের মধ্যেই ব্যবস্থা নিতে হবে। ৩০ দিনের মধ্যে বৈধতা না দিলে তা এমনিতেই অকার্যকর বা অবৈধ হয়ে যাবে।" ওই উপদেষ্টার মতে, যেহেতু প্রধান দুই জোটের কোনো এক পক্ষের সরকার গঠনের সম্ভাবনা বেশি, সেহেতু এসব বিষয় নিয়ে দুই শীর্ষ নেত্রীর সঙ্গে সরকারের বৈঠকের প্রয়োজন রয়েছে। বর্তমান সরকারের দুই বছরের কর্মকাণ্ডের বৈধতার বিষয়টি তাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে। এ জন্যই সরকারের পক্ষ থেকে দুই নেত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের দাবি করেন, এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বর্তমান সরকারের কর্মকাণ্ডকে পরবর্তী সংসদে বৈধতা দেওয়ার বিষয়টিকে তিনিও গুরুত্বের সঙ্গে নেন। গোলাম কাদের বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নির্ধারিত মেয়াদের অতিরিক্ত যে সময় দায়িত্ব পালন করেছে এবং এ সময়ের মধ্যে যেসব কাজ করেছে, তা পরবর্তী সংসদ বসার ৩০ কার্যদিবসের মধ্যে অনুমোদন না করলে সরকারের সব কর্মকাণ্ডই অবৈধ হয়ে যাবে। আগামী নির্বাচনও বৈধতা হারাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/এমএইচবি/১৯৪০ ঘ.