২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজম চৌধুরীর আবেদন পেয়েছে সরকার: মতিন

আবেদন করার আটদিন পর সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে শেখ হাসিনার সঙ্গে শনিবার সুধাসদনে গিয়ে দেখা করেছেন তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরকারী এই ব্যবসায়ী। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সোমবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা প্রত্যাহারের জন্য আজম জে চৌধুরীর আবেদনটি তার দপ্তরে পৌঁছেছে। (আজম চৌধুরীর মন্তব্যসহ) >> আজম চৌধুরীর আবেদনের প্রাপ্তি স্বীকারপএ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ২২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবেদন করার আটদিন পর সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে শেখ হাসিনার সঙ্গে শনিবার সুধাসদনে গিয়ে দেখা করেছেন তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরকারী এই ব্যবসায়ী। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সোমবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা প্রত্যাহারের জন্য আজম জে চৌধুরীর আবেদনটি তার দপ্তরে পৌঁছেছে। (আজম চৌধুরীর মন্তব্যসহ) "মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদনপত্র আমি পেয়েছি। এর আইনগত দিক দেখতে হবে। আগামীকাল আইন বিশেষজ্ঞদের সঙ্গে বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।" তবে উপদেষ্টা বলেন, যেহেতু মামলাটির শুনানি চলছে তাই আপাতত মন্ত্রণালয়ের তেমন কিছু করার নেই। তার মতে, মামলা প্রত্যাহারের জন্য আজম চৌধুরীকে হয়তো আদালতের শরণাপন্ন হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা রোববারও সাংবাদিকদের বলেছিলেন চিঠিটি (আবেদন) তার দপ্তরে আসেনি। আজম চৌধুরী গত ১৪ ডিসেম্বর মামলাটি প্রত্যাহারের আবেদন করার পর এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি নির্বাহী আদেশ দিয়ে আদালতের মাধ্যমে মামলাটির প্রত্যাহারের আবেদন করেন। আবেদনে আজম বলেন, "২০০৭ সালের ১৩ জুন তারিখে তৎকালীন বিরাজমান পরিস্থিতিতে ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে গুলশান থানায় শেখ ফজলুল করিম সেলিম এবং সম্মানিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।" "বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। বাদী হিসেবে মামলাটি আমি আর চালাতে চাই না"। এ মামলার অভিযোগে বলা হয়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়ার জন্য শেখ সেলিম বাদীর কাছ থেকে ২০০০ ও ২০০১ সালে কয়েক দফায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৫শ' টাকা "চাঁদা" নেন। এদিকে আজম চৌধুরী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে দেখা করে মামলাটি দায়েরের 'পটভূমি' ব্যাখ্যা করেছেন। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আজম জানান, শনিবার রাত সাড়ে ১০টার পর সুধা সদনে গিয়ে প্রায় ঘণ্টাখানেক সেখানে অবস্থান করেন তিনি। আজম চৌধুরী বলেন, "আপনারা বিশ্বাস করতে পারবেন না, উনারা দুই বোন সত্যিই উদার। "শেখ হাসিনা আমাকে বলেছেন, আপনি প্রথম থেকেই আপনার অবস্থান ব্যাখ্যা করে এসেছেন। আমি আদালতেও আপনাকে দেখেছি। আপনি চিন্তা করবেন না, আই হ্যাভ নাথিং এগেইনস্ট ইউ।" গত ১৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন করার ছয় দিন পর সুধা সদনে যান আজম জে চৌধুরী। সুধা সদনের একটি সূত্র শনিবারই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ সাক্ষাতের খবর জানিয়েছিল। সূত্রটি তখন জানায়, ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগ সভানেত্রী ও তার ছোট বোনকে বলেন, গত বছরের ১৩ জুন 'ভুল বোঝাবুঝির' পরিপ্রেক্ষিতে শেখ ফজলুল করিম সেলিম এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি করা হয়। ঘটনাটি ছিল তার জন্য 'অপ্রত্যাশিত ও অনাকাক্সিক্ষত'। মামলা করার পরিস্থিতির ব্যাখ্যা শোনার পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, "ওই সময়ের পরিস্থিতি আমি বুঝি।" এর আগে গত ২৪ জানুয়ারি আজম জে চৌধুরী "শেখ হাসিনার বিরুদ্ধে তিনি কোনো চাঁদাবাজির মামলা করেননি" দাবি করে সাংবাদিকদের বলেছিলেন, "শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আমি তার বিরুদ্ধে কোনও মামলা করিনি।" এরপর সাক্ষ্য দিতে এসে ৩০ জানুয়ারি আজম জে চৌধুরী আদালতে জানান, আসামি হিসেবে শেখ হাসিনাসহ অন্য কাউকে তিনি চেনেন না। বর্তমানে মামলাটির বিচার কাজ উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউএম/এমএইচবি/এসকে/