২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দ্রুততম সময়ে: হোসেন জিল্লুর

আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, "সফল জাতীয় সংসদ নির্বাচনের পর প্রচলিত আইন অনুযায়ী দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রস্তুত রয়েছে। এ প্রক্রিয়া যাতে মসৃণ হয়, সে জন্য সরকার সব ব্যবস্থা নিয়ে রেখেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ ডিসেম্বর নির্বাচনের পর দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, "সফল জাতীয় সংসদ নির্বাচনের পর প্রচলিত আইন অনুযায়ী দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রস্তুত রয়েছে। এ প্রক্রিয়া যাতে মসৃণ হয়, সে জন্য সরকার সব ব্যবস্থা নিয়ে রেখেছে।" রোববার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হোসেন জিল্লুর একথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জীবন হুমকিতে রয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে, সে বিষয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "এ ব্যাপারে ইতোমধ্যেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তারা সব ধরনের ব্যবস্থা নেবে।" এ কারণে নির্বাচন ব্যাহত হবে না জানিয়ে হোসেন জিল্লুর বলেন, "এতে নির্বাচন পেছানোর বা সমস্যার সৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এ ধরনের হুমকি নির্বাচনে কোনও ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না।" মনোনয়ন বাতিল হওয়া অনেক প্রার্থীকে বৈধতা দিতে আদালতের নির্দেশ নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করবে কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমার মনে হয়, এতে কমিশন সাময়িকভাবে কিছুটা অসুবিধায় পড়ছে। তবে এটা নির্বাচনে তেমন কোনও ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না।" হোসেন জিল্লুর বলেন, "সরকার গত দুই বছরের কর্ম-অভিজ্ঞতার আলোকে একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে যা পরবর্তী সরকারের জন্য রেখে যাওয়া হবে। নতুন সরকার প্রয়োজনে গ্রহণযোগ্য পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবে।" বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও 'গণস্বাক্ষরতা অভিযান' আয়োজিত 'সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উন্মুক্ত শিক্ষা : অর্জিত অভিজ্ঞতা ও সম্ভাবনার পথরেখা' শীর্ষক ওই মতবিনিময় সভায় উপদেষ্টা রাশেদা কে চৌধুরীও অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এসকে/১৮০৯ঘ.