ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী ওয়াজেদ মিয়াকে দেখতে শনিবার স্কয়ার হাসপাতালে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া গত ১০ ডিসেম্বর থেকে রাজধানীর ওই হাসপাতালে চিকিৎসাধীন।
আওয়ামী লীগ সভানেত্রী দুপুর ১২টার দিকে হাসপাতালে যান। তিনি ঘণ্টাখানেক সময় স্বামীর পাশে কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
হসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, হাসপাতালে আওয়ামী লীগ সভানেত্রীকে স্বাগত জানান স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী।
ওয়াজেদ মিয়ার বিষয়ে আবুল কালাম জানান, ডা. তৌহিদুজ্জামানের তত্ত্বাবধানের ড. ওয়াজেদ মিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা এখন উন্নতির দিকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ভিআইপি নিরাপত্তায় শনিবার স্কয়ার হাসপাতালে যান হাসিনা। তার যাওয়ার দুই ঘণ্টা আগেই নিরাপত্তাকর্মীরা হাসপাতালে অবস্থান নেয়। কারাবন্দি অবস্থায় এ বছরই বেশ কয়েকবার ওই হাসপাতালে নেওয়া হয় শেখ হাসিনাকে।
বন্দি অবস্থায় চলতি বছরের ২১ ফেব্র"য়ারি প্রথম স্কয়ার হাসপাতালে নেওয়া হয় হাসিনাকে। এরপর ১১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। জুনে কারামুক্তির আগে আরও বেশ কয়েকবার ওই হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪১৪ ঘ.
bdnews24