ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৪৮১টি উপজেলায় মোট এক হাজার ৮০ জনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে মোট প্রার্থী সংখ্যা দাঁড়াচ্ছে আট হাজার ৮৯৬ জন।
বাছাইয়ের শেষ দিন শুক্রবার কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদের ৫২৩ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩৭০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ১৮৭ জন রয়েছেন।
এবারের নির্বাচনে ওই তিন পদের জন্য মোট নয় হাজার ৯৭৬ জন মনোনয়নপত্র জমা দেন। বৈধ ঘোষিত আট হাজার ৮৯৬ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন তিন হাজার ৬৯৯ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিন হাজার ১৭৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দুই হাজার ২৪ জন।
আব্দুল বাতেন জানান, যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষিত হয়েছে তারা ২০ ও ২১ ডিসেম্বর আপিল করতে পারবেন। আপিলের শুনানি হবে ২২ ও ২৩ ডিসেম্বর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
গত ১৩ ডিসেম্বর ছিল উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৭ তারিখ থেকে যাচাই বাছাই শুরু হয়ে শুক্রবার শেষ হয়।
তফসিল অনুযায়ী, আগামী বছর ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/জেকে/২৩৪০ ঘ.
bdnews24