প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
খুলনা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার পরও ১১টি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করায় মহাজোটই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
বৃহস্পতিবার রাতে খুলনার খালিশপুরে এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করে ওইসব আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহারের জন্য শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
রাত সোয়া ৮টার দিকে খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস জুট মিল ময়দানে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল গফফার বিশ্বাসের সমর্থনে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
মহাজোটে যোগদান তথা আসন ভাগাভাগি নিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই আওয়ামী লীগ ও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মধ্যে টানাপোড়েন চলে আসছে।
মহাজোট গঠনের ক্ষেত্রে জাতীয় পার্টি 'অনেক বড়' ত্যাগ স্বীকার করেছে দাবি করে এরশাদ বলেন, "আমাদের প্রথমে ৫০টি আসন দেওয়া হয়েছিল। জাতীয় পার্টির চারজনের প্রার্থিতা বাতিল হওয়ায় এ সংখ্যা ৪৬ হয়েছে। কিন্তু এর মধ্যেও ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচন করছেন। এতে মহাজোটই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে। ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে গফফার বিশ্বাস মহাজোটের প্রার্থী ছিলেন। কিন্তু এবার তাকে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়নি।"
'দেশ ও মহাজোটের স্বার্থে' জাতীয় পার্টির জন্য ছেড়ে দেওয়া আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহারের জন্য শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তিনি। বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন এরশাদ।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুন্নুজান সুফিয়ানকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, "আপনার প্রার্থিতা প্রত্যাহার করুন। গফফারকে নির্বাচনে জয়ী করুন।"
আব্দুল গফফার বিশ্বাস বলেন, "জাতীয় পার্টি বা মহাজোট বিজয়ী হলে খুলনার অচল পাটকলগুলো চালু করা হবে এবং শ্রমিক স্বার্থ রক্ষা করা হবে।"
এদিকে মহাজোট নেত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুরের পর খুলনায় আসেন। খালিশপুরে জনসভা করে তিনি মুন্নুজান সুফিয়ানকে ১৪ দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে ভোট চান।
খুলনায় নির্বাচনী প্রচারণা শেষ করে এরশাদ রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌঁছান।
পিরোজপুর সরকারি বয়েজ হাইস্কুল মাঠে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দারের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি এ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম এ আওয়ালকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান এরশাদ।
এ আসনে চার দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন সাইদীকে প্রতিহত করার জন্যও ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
রাত ১১টার দিকে এরশাদ পিরোজপুর থেকে বরিশালের দিকে রওনা হন। সেখানে রাত কাটিয়ে শুক্রবার সকালে আবার তার প্রচারণা শুরুর কথা।
খুলনা আসার আগে এরশাদ কালিগঞ্জ উপজেলার ভদ্রখালী হাইস্কুল মাঠে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে এক জনসভায় অংশ নেন।
সেখানে তিনি জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন- "জঙ্গিবাদ তৈরি করে দেশকে কলঙ্কিত করেছিল কে? জেএমবি তৈরি করেছিল কে? বিএনপি-জামায়াত জোট সরকার। আমরা আর জঙ্গিবাদ চাই না।"
শীত ও কুয়াশা উপেক্ষা করে হাজার হাজার লোক এ জনসভায় সমাবেত হয়।
এর আগে সকাল ১০টার দিকে সাতক্ষীরার গাজীরহাটের শিমুলিয়া থেকে দিনের প্রচারাভিযান শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সকাল সোয়া ১০টার দিকে কালিগঞ্জ থানার নলতা খান বাহাদুর আহসানউল্ল
bdnews24