২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দলীয় জোটের বিরুদ্ধে আ.লীগের বিধিভঙ্গের অভিযোগ

মতিউর রহমান নিজামী ও সাইফুর রহমানসহ বিএনপি-জামায়াত জোটের কমপক্ষে ১০ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিউর রহমান নিজামী ও সাইফুর রহমানসহ বিএনপি-জামায়াত জোটের কমপক্ষে ১০ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হোসেন তৌফিক ইমাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের জনা দশেক প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। এ সময় তিনি তাদের নাম উল্লেখ করে বলেন, "নিজামী স্বাধীনতার মূলে আঘাত হেনে পাকিস্তানী ভাবধারার কথা বলছেন, সাঈদী বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মুসলমানদের দাড়ি টুপি থাকবে না।" তৌফিক ইমাম সিলেটে সাইফুর রহমানের বিধি বহির্ভূতভাবে তোরণ নির্মাণের কথা উল্লেখ করেন। আরো অনেকে বিধি ভঙ্গ করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং মোটর শোভাযাত্রা করছেন বলে তিনি অভিযোগ করেন। তৌফিক ইমাম জানান, আওয়ামী লীগের মনিটরিং সেল থেকে নিয়মিতভাবে নির্বাচনের প্রচারণা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করার পর সিইসি'র পক্ষ থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এ বিষয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করা হয়েছে । আওয়ামী লীগের পক্ষ থেকে মহাজোটের প্রার্থীদেরও আচরণবিধি অনুসরণের তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেএফ/এসকে/২৩২৩ঘ.