২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরিচ্যুত বন্দর শ্রমিকদের পুনর্বহালের দাবি মেয়র মহিউদ্দিনের

চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত ১৫ হাজার ডক শ্রমিককে এক মাসের মধ্যে পুনর্বহালের দাবি জানিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের চাকরিচ্যুত ১৫ হাজার ডক শ্রমিককে এক মাসের মধ্যে পুনর্বহালের দাবি জানিয়েছেন সিটি কর্পোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে নগরীর সল্টগোলা ক্রসিং মাঠে এক শ্রমিক সমাবেশে তিনি এ দাবি জানান। মেয়র মহিউদ্দিন বলেন, "বন্দর কর্তৃপক্ষ তাদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করে মানবেতর জীবনযাপনে বাধ্য করছে। তাদের পুনর্বহাল করা একটি মানবিক দায়িত্ব।" সংস্কারের কথা বলে বন্দরের হাজার হাজার শ্রমিককে 'অন্যায়ভাবে' চাকরিচ্যুত করার অভিযোগ তোলেন মেয়র। তিনি বলেন, গুটি কয়েক ব্যক্তিকে লাভবান করার জন্য এক/এগারোর আবির্ভাব হয়। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সেনা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে ব্যাপক সংস্কার হয় এবং সেখানে মাল খালাসসহ বিভিন্ন কাজের গতি বেশ কয়েকগুণ বেড়েছে। মেয়র শ্রমজীবী মানুষদের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকদের রুজি-রুটির নিশ্চয়তা বিধানে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবার জন্য অনুরোধ করেন। মহিউদ্দিন চৌধুরী বন্দরের আধুনিকায়ন এবং কর্ণফুলী নদী ও নৌ-চ্যানেলের নাব্যতা রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান। ডক শ্রমিক সিবিএ সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, সিবিএ সাধারণ সম্পাদক আবদুল আহাদ, শ্রমিক নেতা বখতেয়ার উদ্দিন খান, রশিদ আহমদ চৌধুরী, মো. নওশেদ প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এসকে/২২১৫ঘ.