২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া : খালেদার জামিনের মেয়াদ বাড়িয়েছে হাইকোর্ট

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 03:10 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি মো. রইসউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ খালেদার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। খালেদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গত ২৮ আগস্ট বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছিল হাইকোর্ট। গত ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. শামছুল আলম। এতে অভিযোগ করা হয়, আসামীরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পুন:দরপত্র আহবান না করে সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন। এদিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বাড়ি পোড়ানোর মামলায় তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ দুলুর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের স্ত্রী লায়লা আঞ্জুমান বানু ও সাবেক সচিব আনম আক্তার হোসেনের স্ত্রী নাজনিন বানুকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২১০২ঘ.