নাটোর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট সরকারের সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও দু'টি মামলায় বৃহষ্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এ দুটি মামলায় জামিন পাওয়ায় দুলুর মুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীব।
আইনজীবী আমিনুল হক হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানো সাপেক্ষে আগামী সোমবার তিনি মুক্তি পেতে পারেন।
তিনি জানান, বিচারপতি মো. আনোয়ারুল হক ও আব্দুস সামাদের বেঞ্চে একটি এবং বিচারপতি সৈয়দ এবিএম মাহমুদুল হক ও মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে অপর মামলার জামিন হয়।
আমিনুল হক বলেন, তার জানামতে দুলুর বিরুদ্ধে ৩৬টি মামলা হয়েছে। এরমধ্যে তিনটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। ৩০টি মামলায় আগে জামিন পেয়েছেন। একটিতে ১৩ বছরের সাজা হলেও তাতে জামিন হয়েছে। সাত বছরের সাজা হওয়া অপর একটি মামলাসহ সর্বশেষ দু'টি মামলায় হাইকোর্ট বৃহস্পতিবার জামিন মঞ্জুর করেছে।
বাড়ি পোড়ানো ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের দু'টি মামলায় রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাজা হওয়ায় নাটোর-২ আসনে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে চারদলীয় জোটের প্রার্থী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24