চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমানের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার বুকের ব্যথা কমেছে। (আরও তথ্যসহ)
আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার দ্বিতীয় দফায় অসুস্থ হওয়ার পর থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার তার এনজিওগ্রাম করা হবে বলে তার ব্যক্তিগত সহকারী মো. সারওয়ার বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সারওয়ার বলেন, নোমানের বুকের ব্যথা আগের তুলনায় কমেছে।
সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (ডবলমুরিং) আসনে চারদলীয় জোটের প্রার্থী নোমান গত রোববার চট্টগ্রামের লালখান বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় অসুস্থ হয়ে এক দিন হাসপাতালে কাটান। তবে সোমবার থেকে পুনরায় নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছিলেন তিনি।
ছেলে সাঈদ আল নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার ভোরের দিকে বাবা বুকে ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তাকে জিইসি মোড়ের মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
সাবেক এই মন্ত্রীর উচ্চ রক্তচাপ ও বহুমূত্রের সমস্যা রয়েছে।
সাঈদ আরো বলেন, "গত কয়েকদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগের কারণেই বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/এসকে/২১৩০ঘ.
bdnews24