২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্য বা ব্যর্থতার বিচার করবে ভবিষ্যত: ফখরুদ্দীন

চলতি বছরের শুরুর দিকে দিনাজপুরে কৃষকদের সঙ্গে ধান কাটার মুহূর্তটি আজও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে আন্দোলিত করে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে গত দু'বছরের মধ্যে এটাই তার সবচেয়ে স্মৃতিময় ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের শুরুর দিকে দিনাজপুরে কৃষকদের সঙ্গে ধান কাটার মুহূর্তটি আজও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে আন্দোলিত করে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে গত দু'বছরের মধ্যে এটাই তার সবচেয়ে স্মৃতিময় ঘটনা। তত্ত্বাবধায়ক সরকারের বিদায়বেলায় বুধবার বিকালে গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা এ কথা জানান। সরকার প্রধানের দুবছরের ঘটনাবহুল দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর লম্বা ছুটি কাটানোর কথা ভাবছেন বলেও জানান তিনি। ফখরুদ্দীন আহমদ বলেন, "কৃষকরা খাদ্য সঙ্কট কীভাবে মোকাবেলা করেছে- তা আমি টের পেয়েছি মাঠে উপস্থিত হয়ে। আর কৃষকদের সহযোগিতা করলে এবং উদ্বুদ্ধ করলে তারা কীভাবে ইতিবাচক সাড়া দেয়- তার প্রমাণ পেয়েছি বাম্পার ফলন দেখে।" দেশের কৃষকরা গত বোরো মৌসুমে অতীতের সব রেকর্ড ভেঙে ৩৩ মিলিয়ন টন শস্য উৎপাদন করেছে। ঘরোয়া পরিবেশে অনেকটা ছুটির আমেজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা ছিলেন বেশ হাস্যোজ্জ্বল। তার কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকদের সবার সঙ্গে হাত মিলিয়ে বিদায় নেওয়ার ঢঙে কুশল বিনিময় করেন তিনি। এর পরপরই প্রধান উপদেষ্টা বলেন, "আমি আমার বুদ্ধিমত্তা, বিবেক ও জ্ঞান দিয়ে সব কাজ করার চেষ্টা করেছি। কাজের সাফল্য বা ব্যর্থতার বিচার করবে ভবিষ্যত।" চা-নাস্তা খেতে খেতে অনানুষ্ঠানিকভাবে নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুদ্দীন আহমদ। সাংবাদিকদের সঙ্গে ফটো সেশনেও অংশ নেন তিনি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার প্রধানের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় ছুটি কাটানোর চেষ্টা করবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পর বিশ্ব ব্যাংকের চাকরিতে কিছুদিন বিদেশে কাটিয়ে ফিরেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে হয়েছিল ফখরুদ্দীন আহমদকে। গত ২৩ মাসে সেই দায়িত্বে দারুণ ব্যস্ত সময় গেছে তার। সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় গণমাধ্যমের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আপনারা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সংবাদ মাধ্যমে তুলে ধরেছেন। গণমাধ্যম জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধ তৈরি করেছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।" বুধবার সিরাজগঞ্জের কাছে সড়ক দুর্ঘটনায় আহত একুশে টেলিভিশনের সাংবাদিকদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রেস সচিবকে নির্দেশ দিয়েছেন বলেও এসময় জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে চরম রাজনৈতিক গোলযোগ শুরু হয়। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনে বাধ্য করা হয় ইয়াজউদ্দীন আহমদকে। ১২ জানুয়ারি নতুন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ফখরুদ্দীন আহমদ। গত ২৩ মাসে ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার বেশকিছু সংস্কার সর্মসূচি নেয়। নির্বাচনী আইন ও বিধিতেও অনেক পরিবর্তন আনা হয়। ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (১৭ ডিসেম্বর থেকে) থেকে জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এডি/জেকে/এসকে/২১১৮ঘ.