রাজশাহী, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষতার প্রমাণ রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু।
তিনি বুধবার নগরীর মনি চত্বরে এক সংবাদ সম্মেলনে বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়। কোনোকাজেই সরকার তাদের নিরপেক্ষতার প্রমাণ রাখতে পারেনি।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজশাহী সফর উপলক্ষে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। নির্বাচনী প্রচারে খালেদা জিয়া বর্তমানে উত্তরাঞ্চল সফরে রয়েছেন।
মিনু আশা করছেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে চারদলীয় জোট ২০০১ সালের মতোই বিজয়ী হবে।
তিনি বলেন, "অতীত থেকে বর্তমান পর্যন্ত এই ভূখণ্ড নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং এখনও তা চলছে। আর এর বহিঃপ্রকাশ ঘটে ২০০৭ সালের ১১ জানুয়ারি।
"১১ জানুয়ারিতে জরুরি অবস্থা জারির পর জিয়া পরিবারসহ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের নাজেহাল করা হয়।"
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলাল, রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, যুবদল মহানগর সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মুক্তিযোদ্ধা দলের মহানগর সম্পাদক নজরুল ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা আবু মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০৪৫ ঘ.
bdnews24