২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা হওয়া মামলায় নাজমুল হুদা, হাফিজ ইব্রাহিম ও মামুনের জামিন

নিম্ন আদালতে সাজা ঘোষিত পৃথক মামলায় জোট সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন তিন মাসের জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্ন আদালতে সাজা ঘোষিত পৃথক মামলায় জোট সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন তিন মাসের জামিন পেয়েছেন। বুধবার বিচারপতি মো. আরায়েসউদ্দিন ও আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। অন্যদিকে, লুৎফুজ্জামান বাবরের এক আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে। ২০০৭ সালের মে মাসে গ্রেপ্তারের দিন বাবরের পাসপোর্ট জব্দ করা হয়। বুধবার জামিন পাওয়া মামলাটিতে নিম্ন আদালতে নাজমুল হুদার ১২ বছরের সাজা হয়েছিল। এছাড়া দুর্নীতির পৃথক দুই মামলায়ও হাফিজ ইব্রাহিমের ১৩ এবং মামুনের ১০ বছরের সাজা হয়। এদিন হুদার পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক, হাফিজ ইব্রাহিম ও মামুনের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফকরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৯৩২ঘ.