ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।
একইসঙ্গে তিনি বলেছেন, "জাতির এই সংকটকালে বিচ্যুতির কোনো সুযোগ নেই।"
বুধবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট সেনাকুঞ্জের অডিটোরিয়ামে সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় তিনি একথা বলেন।
এ সময় তিনি বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রার ইতিহাসে আরেকটি 'মাইলফলক' প্রতিষ্ঠায় নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) সার্বিক ও কার্যকর সহায়তা দিতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান।
ভাষণে তিনি বলেন, "মনে রাখবেন, এই দায়িত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমন স্পর্শকাতর। তাই, অতীতের মতো সশস্ত্র বাহিনীকে সর্বদাই জনগণের আস্থা ধরে রাখতে সজাগ থাকতে হবে।"
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের অর্পিত দায়িত্ব শতভাগ নিরপেক্ষতা, সততা ও স্বচ্ছতার মাধ্যমে পালন করতে হবে।
সেনাকুঞ্জের সভায় সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সারওয়ার জাহান নিজাম, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল এম আব্দুল মুবিন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফখরুদ্দীন আহমদ বলেন, নিরাপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী সর্বদাই প্রশংসনীয় ভূমিকা রেখেছে। এ জন্য অতীতের মতো আসন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, "পুরো জাতি, দেশ-বিদেশের গণমাধ্যম, নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশে আমাদের বন্ধুরা এ নির্বাচন ও দেশের গণতন্ত্রে উত্তরণের দিকে তাকিয়ে আছে।"
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, "আর পুরো জাতি পূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে তাকিয়ে আছে আপনাদের দিকে। এই ধরনের বিশ্বাস ও আস্থার নিরিখে জনগণের আশা ও আকাঙ্খা পূরণে আপনাদেরকে আপনাদের পূর্ণ শক্তি নিয়োগ করতে হবে।"
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে গণতন্ত্রকে শক্তিশালী অবস্থান দিতে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চালিয়ে আসছে।
"সরকার এখন ওই নির্বাচনের দ্বারপ্রান্তে।"
ফখরুদ্দীন বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা, এক্ষেত্রে কমিশনকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে সরকারের দায়িত্ব। "আর এটা করতে যা যা করা প্রয়োজন আমরা তা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১৭০১ ঘ.
bdnews24