ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মুক্তিযুদ্ধের অবিসংবাদিত স্লোগান 'জয়বাংলা'-র বদলে 'বাংলাদেশ জিন্দাবাদ' বলে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েলেন সাবেক মন্ত্রী এইচ এম এ গাফফার। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য এই রাজনীতিকের 'বীর উত্তম' খেতাবও রয়েছে।
মঙ্গলবার রাজধানীর উসমানী উদ্যানে ঢাকা সিটি কর্পোরেশন আয়োজিত ঢাকা মহানগরীর সেক্টর-২ এবং ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে যুদ্ধের স্মৃতিচারণ শেষে 'বাংলাদেশ জিন্দাবাজ' বলেন এইচ এম এ গাফফার।
সঙ্গে সঙ্গেই উপস্থিত মুক্তিযোদ্ধারা তীব্র প্রতিবাদ জানান। তারা উঠে দাঁড়িয়ে 'জয় বাংলা' শ্নোগান দিতে থাকেন। এ সময় মঞ্চের চারপাশে হৈ-চৈ শুরু হয়ে যায়। উত্তেজিত অনেক মুক্তিযোদ্ধাই গাফফারকে উদ্দেশ্য করে 'রাজাকার' 'রাজাকার' বলে চিৎকার করতে থাকেন।
পরিস্থিত আয়ত্তের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আইনউদ্দিন মঞ্চে গিয়ে বলেন, "আপনারা শান্ত হোন। জয় বাংলা মুক্তিযুদ্ধের শ্লোগান। এটা রণাঙ্গনের শ্লোগান। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন এর আকাশে বাতাসে জয় বাংলা শ্লোগান থাকবে।"
এরপর মঞ্চে যান জাফর ইমাম বীর প্রতীক। তিনি বলেন, "যারা জয় বাংলাকে স্বীকার করেন না, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা না। জয় বাংলা আমাদের আত্মার শ্লোগান। এটাকে বির্তকিত করার কোনো অবকাশ নেই।"
তিনি মঞ্চে দাঁড়িয়ে 'জয় বাংলা' শ্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধারাও মুহুর্মুহু এই শ্লোগান দিতে থাকেন।
এই ঘটনার পর মেয়র সাদেক হোসেন খোকা তার লিখিত বক্তব্যে তার দল বিএনপির স্লোগান 'বাংলাদেশ জিন্দাবাদ' লেখা থাকলেও তিনি তা না পড়ে 'আল্লাহ হাফেজ' বলে মঞ্চ থেকে নেমে যান। মেয়র খোকাও ঢাকা রণাঙ্গণের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী পক্ষ ছাড়া সবার মুখে 'জয়বাংলা' ছিল অনুপ্রেরণা যোগানোর জনপ্রিয় স্লোগান। দৃশ্যত মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে স্বাধীনতা-উত্তর কালে রাজনৈতিক প্রতিপক্ষ আপামর বাঙালির এই স্লোগানকে দলীয় জয়ধ্বনি হিসেবে চিহ্নিত করে। ডানপন্থী রাজনৈতিক শক্তি পাকিস্তান জিন্দাবাদের অনুকরণে চালু করে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮১৩ঘ.
bdnews24