২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থী সহিদুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার

কক্সবাজারের বিএনপি নেতা ও সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ সহিদুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 12:13 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

কক্সবাজার, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের বিএনপি নেতা ও সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ সহিদুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে কক্সবাজার জেলা বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত এ নেতাকে বহিষ্কারের ঘোষণা দেয়। কক্সবাজার জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সহিদুজ্জামান কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ২০০১ সালে এ আসনে বিএনপি থেকে তিনি নির্বাচিত হন। জেলা বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলা নির্বাহী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগ এবং সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সহিদুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের গঠনতন্ত্র অনুসারে বাতিল করা হয়েছে তার প্রাথমিক সদস্য পদ। জেলা নির্বাহী কমিটির এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য একটি সুপারিশ বিএনপি মহাসচিবের কাছে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএনপির জেলা কমিটির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদিকে 'সংস্কারপন্থী' নেতা আর অন্যদিকে দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের ভেতরেই সহিদুজ্জামানের বিরুদ্ধে ক্ষোভ দানা বাধতে শুরু করে। তিনি বলেন, "দলীয় ও জোটগতভাবেই তাকে মনোনয়ন প্রত্যাহার এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়েছিল। তিনি সে অনুরোধ উপেক্ষা করেছেন।" বহিষ্কারের বিষয়ে সহিদ্জ্জুামান বলেন, "দল মনোনয়ন না দেওয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এটি আমার গণতান্ত্রিক অধিকার।" দলীয় শৃঙ্খলা ভঙ্গের মত কোন কাজ করেননি বলে তিনি মনে করেন। সহিদুজ্জামান বলেন, "আমি কি অন্য কোন দলে যোগ দিয়েছি?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৮ ঘ.