নড়াইল, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনী প্রচার চালানোর সময় প্রতিপক্ষের লোকজনকে মারপিটের অভিযোগে নড়াইল-২ (নড়াইল সদর উপজেলার আংশিক ও লোহাগড়া উপজেলা) আসনের চারদলীয় জোট প্রার্থী শরীফ খসরুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
মামলায় খসরুজ্জামান ছাড়াও ৫৫ জনের নাম উল্লেখসহ অন্তত ৬০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
সোমবার রাতে লোহাগড়া থানায় মামলাটি (নম্বর-০৮) করেন উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের ইকলাসুর রহমান নামের এক ব্যক্তি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত আসামি হলেন- লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ গ্রামের মো. উজ্জ্বল (২৮)।
তিনি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে- রোববার সন্ধ্যায় শরীফ খসরুজ্জামান শিয়েরবর বাজারে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় বাদী পক্ষের লোকজন সেখানে গেলে শরীফ খসরুজ্জামানের নিদের্শে তার লোকজন তাদেরকে (বাদী পক্ষের) গালাগাল ও মারপিট করে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে শরীফ খসরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩১ ঘ.
bdnews24