মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে আরেকটি 'বিজয়' ছিনিয়ে আনতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিজয় দিবসে মঙ্গলবার মুন্সীগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে তিন দিনের সফরে সকালে ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী।
আওয়ামী লীগ সভানেত্রী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পথে প্রথমে ঢাকার শ্যামপুর বালুর মাঠে জনসভায় ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সানজিদা খানমের পক্ষে ভোট চান। পরে মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়াম এবং বালিগাঁও কলেজ মাঠে দুটি জনসভায় বক্তব্য রাখেন তিনি।
হাসিনা মুন্সিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি এবং শ্রীনগর স্টেডিয়ামে মুন্সিগঞ্জ-১ আসনের প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষের পক্ষে ভোট চান।
জনসভায় শেখ হাসিনা বলেন, "নৌকা এ দেশের স্বাধীনতা এনে দিয়েছে। আগামীতে ক্ষমতায় গেলে নৌকা মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দেবে।"
তিনি বলেন, "একাত্তর সালে যেভাবে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলেন, আগামী ২৯ ডিসেম্বর ভোটযুদ্ধের মাধ্যমে আরেকটি বিজয় ছিনিয়ে আনতে হবে।"
মহাজোট ক্ষমতায় গেলে পদ্মা সেতু বাস্তবায়ন করে মংলা বন্দর পর্যন্ত যাতায়াতের পথ সহজ করা হবে বলে প্রতিশ্র"তি দেন হাসিনা।
এছাড়া রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং বিএ পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার আশ্বাস দেন তিনি।
শেখ হাসিনা বলেন, "বিপদে রক্ষার প্রতীক নৌকা। দেশকে বিপদ থেকে রক্ষায় আপনারা আবার নৌকায় ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে ডাল-চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যেরমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনব। বাংলার সম্পদ জনগণেরই থাকবে, গ্যাসের ক্ষেত্রে এদেশের মানুষই অগ্রাধিকার পাবে।"
শ্রীনগর স্টেডিয়ামের জনসভায় মহাজোট প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষ ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আল্লামা গোলাম মাওলা বক্তব্য রাখেন।
জনসভা দুটিতে শেখ রেহানা উপস্থিত থাকলেও তিনি বক্তব্য রাখেননি। তবে তার মেয়ে অক্সফোর্ড ছাত্রী আজমিনা সিদ্দিক রূপন্তী দুটি সভায়ই বক্তব্য রাখেন।
রূপন্তী তরুণ ভোটারদের নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, "আমি এবার প্রথম ভোটার হয়েছি। আমি নৌকায় ভোট দেব। আপনারাও নৌকায় ভোট দিন। আসুন, নৌকায় ভোট দিয়ে আমরা একসঙ্গে মিলে সোনার বাংলা গড়ে তুলি।"
শ্যামপুরের জনসভায় শেখ হাসিনা বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তির দেশ হিসেবে গড়ে তোলা হবে। আর অত্যাচার-নির্যাতন নয়, আর জঙ্গিবাদ নয়; আমরা শান্তি চাই, মানুষের কল্যাণ। মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। আর এজন্য নৌকা মার্কায় ভোট দিন।"
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী প্রচার চালাতে মঙ্গলবার সকাল ১১টার পরপরই সুধা সদন ছেড়ে যায় আওয়ামী লীগ সভানেত্রীর গাড়িবহর। তার সফরসঙ্গী শেখ রেহানা এবং রেহানার মেয়ে রূপন্তী ও টিউলিপ এই সপ্তাহেই যুক্তরাজ্য থেকে দেশে আসেন।
মঙ্গলবার মুন্সিগঞ্জের মাওয়া, রাজবাড়ির কাওড়াকান্দি পুরোনো ফেরিঘাট এবং ফরিদপুরের ভাঙ্গায় কয়েকটি জনসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী।
রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে তার থাকার কথা। গোপালগঞ্জের ওই আসন থেকেও হাসিনা সাংসদ প্রার্থী।
বুধবার কোটালীপাড়া কলেজে মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সূচি রয়েছে তার। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন ছাড়াও রংপুর ও বাগেরহাটের দুটি আসনে প্রার্থী হয়েছেন হাসিনা।
বৃহস্পতিবার ঢাকা ফেরার আগে বাগেরহাট ও খুলনায় কয়েকটি জনসভায় ভাষণ দেওয়ার কথা আওয়ামী লীগ সভানেত্রীর।
শেখ হাসিনার সফরের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত দুই দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান।
আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমকে/এমআই/১৫১৯ ঘ.
bdnews24