২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর শেষে ঢাকার পথে খালেদা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালিয়ে মঙ্গলবার সকালে রাজবাড়ী থেকে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালিয়ে মঙ্গলবার সকালে রাজবাড়ী থেকে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীতে ফিরে ১০টি জনসভায় তার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। বুধবার উত্তরাঞ্চল সফরে যাবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, সকাল ১০টায় রাজবাড়ী থেকে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা হন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই দিনের নির্বাচনী সফর শেষে সোমবার রাতেই খালেদা জিয়ার ঢাকা ফেরার কথা ছিল। কিন্তু কুয়াশার কারণে দৌলতদিয়ায় ফেরি পারাপার বন্ধ থাকায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে রাত কাটান। বিএনপি নেতারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর ভাষানটেক, কারওয়ান বাজার, কলাবাগান, হাজারীবাগ পার্ক, মতিঝিল, সবুজবাগ, মাদারটেক, মধুবাগ ও মগবাজার এলাকায় ১০টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন খালেদা জিয়া। গত রোববার থেকে মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে ২২টি জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। তিনি গত শুক্রবার সিলেট হজরত শাহজালালের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। খালেদা জিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফরের একদিন পরই মঙ্গলবার ওই অঞ্চলে সফরে বেরিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৪০ ঘ.