২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আ'লীগের সংঘর্ষ, চাঁপাই-মেহেরপুরে চার দলে কোন্দল

সারাদেশে সংসদ নির্বাচনের প্রচার জমে উঠেছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটসহ বিভিন্ন দলের প্রার্থীরা সভা, সমাবেশ ও জনসংযোগ চালাচ্ছেন। রোববার চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুরে চারদলীয় জোটের প্রধান দুই বিএনপি ও জামায়াতের প্রার্থী আলাদাভাবে নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2008, 06:01 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে সংসদ নির্বাচনের প্রচার জমে উঠেছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটসহ বিভিন্ন দলের প্রার্থীরা সভা, সমাবেশ ও জনসংযোগ চালাচ্ছেন। রোববার চাঁপাইনবাবগঞ্জ ও মেহেরপুরে চারদলীয় জোটের প্রধান দুই বিএনপি ও জামায়াতের প্রার্থী আলাদাভাবে নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন। এ দুটি জেলার দুটি আসেন জামায়াত ও বিএনপির প্রার্থীরা নিজেদের চারদলীয় জোটের প্রার্থী হিসেবে দাবি করছেন। তবে ওই দুটি আসনে জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপির একাংশ। এদিকে নাটোরে মহাজোটোর প্রার্থীর জনসভায় বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতা কর্মীরা 'না' ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয় গত ১২ ডিসেম্বর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে চারদলের শরিক বিএনপি প্রার্থী হারুনুর রশিদ ও জামায়াতে ইসলামের প্রার্থী লতিফুর রহমান নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে পৃথকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। রোববার বিকেলে স্থানীয় পৌর পার্কে চারদলীয় জোটের শরিক জামায়াতের প্রার্থী লতিফুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা হয়। জেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মসিদুল হক মাসুদ ও যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন। জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার ব্যাপারে যুবদল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মনে করি এ আসনে জামায়াতের প্রার্থী লতিফুর রহমানই চারদলের প্রার্থী। তাছাড়া আমারা আগে থেকেই বলে আসছি হারুনুর রশিদের পরিবর্তে বিএনপি অন্য কাউকে মনোনীত করলে আমরা তার পক্ষেই কাজ করব।" তিনি আরও বলেন, "হারুনুর রশিদ ও তার স্ত্রী আসিফা আশরাফী পাপিয়া দুজনই দুর্নীতিগ্রস্ত। জোট সরকারের আমলে তারা স্বজনপ্রীতি করেছেন।" এর আগে শনিবার বিকেলে একই স্থানে বিএনপি প্রার্থী সাবেক সাংসদ হারুনুর রশিদের সমর্থনে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হকের সভাপতিত্বে নির্বাচনী জনসভা হয়। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফা আসরাফী পাপিয়াসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর: মেহেরপুর-১ আসনে দলের মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতারা দলের প্রার্থীকে সমর্থন না দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী দলের জেলা সভাপতি সাবেক সাংসদ মাসুদ অরুণ এবং জামায়াতের প্রার্থী দলের জেলা আমির ছমির উদ্দিন। তারা দুজনই নিজেদের চারদলীয় জোটের প্রার্থী বলে দাবি করছেন। রোববার শহরে জামায়াত প্রার্থীর প্রচার মিছিলে যোগ দেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনছারুল হক, আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত কর্নেল সাম্স। জামায়াত প্রার্থী ছমির উদ্দিন বলেন, প্রকাশ্য নির্দেশ না থাকলেও দলীয় সম্মতি পেয়েই তিনি প্রার্থী হয়েছেন। তার দাবি, এভাবে কিছুদিন গেলে বিএনপি প্রার্থী নয়, তিনিই জোটের প্রার্থী বলে স্বীকৃতি পাবেন। অন্যদিকে মাসুদ অরুণ দাবি করেন, তিনিই জোটের ঘোষিত প্রার্থী। জামায়াত নেতা প্রার্থী হয়ে জোটের সিদ্ধান্ত অমান্য করেছেন। দলের নেতাদের অবস্থান সম্পর্কে তিনি বলেন, যারা আগে তার বিরুদ্ধে ছিল এখনও তারাই তার বিরুদ্ধে। এই নেতারা তার দীর্ঘদিনের শত্র"। নাটোর: রোববার সন্ধ্যায় বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটোর-১ আসনের মহাজোট প্রার্থী আবু তালাহার নির্বাচনী সভায় বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বকুলের সমর্থকদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ আলী শেখের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হন- বকুলের ভাই সাইফুল ও মুকুল, সমর্থক আরশেদ ও নজরুল। তাদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আলী জানান, পুলিশের হস্তক্ষেপে নির্বাচনী সভা সুষ্ঠৃভাবে শেষ হয়েছে। সভা শেষে আওয়ামী লীগের কিছু উচ্ছৃংক্ষল লোকজন মারামারি করেছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে রোববার বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা পাঠাগারে নির্বাচনী সভা করেছে রাজশাহী নাগরিক কমিটি। নাগরিক কমিটির আহবায়ক ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. সৈয়দ সাফিকুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, অধ্যাপক সনৎ কুমার সাহা, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কায়েস উদ্দিন, ভাষা সৈনিক অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সভাপতি অধ্যাপক ফজলুল হক, উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যাপক আলমগীর মালেক প্রমুখ। এর আগে মিয়াপাড়ায় সাধারণ গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সমাবেশ। বদিউজ্জামান টুনু বীর প্রতীকের সভাপতিত্বে এবং মাহতাব উদ্দিনের পরিচালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ মহিলা কমান্ড কাউন্সিলের অন্যতম নেতা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার শফিকুর রহমান রাজা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও সাহিদুর রহমান প্রমুখ। সন্ধ্যায় রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পৃথক বর্ধিত কর্মী সভা করে বাদশার পক্ষে প্রচারণা চালানোর কর্মসূচি দেয়। গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানী) আসনে মহাজোট ও চারদলীয় জোটের প্রার্থীরা রোববার দিনভর প্রচারণা চালিয়েছেন। মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জালালাবাদ, শুকতাইল, বড়ফা, চন্দ্রদীঘলিয়া, বিজয়পাশা, ডুমদিয়াসহ বিভিন্ন স্থানে জনসভা ও পথসভায় বক্তৃতা করেন। অপর দিকে চারদলের প্রার্থী বিএনপি নেতা এসএম সিরাজুল ইসলাম সিরাজ সদর উপজেলার কংশুর, আড়পাড়া, বোয়ালিয়া, গোপিনাথপুর, গোপালগঞ্জ পৌর এলাকা, কালিভিটা ও কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগ করেন। কুড়িগ্রাম: কুড়িগ্রাম-২ আসনে মজাজোট প্রার্থী হুসেইন মুহাম্মদ এরশাদের সমর্থনে রোববার কুড়িগ্রাম শহরে মিছিল বের করা হয়। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আ আমিন, সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জাপা নেতা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম ও বাদল খন্দকার প্রমুখ। চারদলীয় জোট প্রার্থী তাজুল ইসলাম চৌধুরীর সমর্থনেও মিছিল হয় শহরে। মিছিল শেষে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন তাজুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট ইদ্রিস আলী ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক। এছাড়া কুড়িগ্রাম-৩ আসনের মহাজোট প্রার্থী এ কে এম মাঈদুল ইসলাম উলিপুরের ক্ষেতরাই ও গুণাইগাচ ইউনিয়নে, চারদলীয় জোট প্রার্থী মাওলানা মতিউর রহমান দরদরিয়া ও পাস্তুল ইউনিয়নে, স্বতন্ত্র প্রার্থী ফুলু সরকার বজরা ও তবকপুর ইউনিয়নে এবং তাসভীর উল ইসলাম গুনাইগাছ, তবকপুর ও বজরা ইউনিয়নে জনসংযোগ করেন। লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ আসনে মহাজোট প্রার্থী এম এ হাসেমের পক্ষে রোববার বিকেলে সমাবেশ হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিমসহ মহাজোটের নেতারা এতে বক্তব্য রাখেন। পরে শহীদ মিনার থেকে বের নির্বাচনী মিছিল। মিছিলকারীরা নৌকা প্রতীক নিয়ে উত্তর তেমুহানী, চকবাজার, দক্ষিণ তেমুহানী, রামগতি-চৌমুহানী সড়ক কালেক্টরেট ভবন এলাকা প্রদক্ষিণ করে। রাঙামাটি: নির্বাচনে রাঙামাটি আসনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ভোটারদের 'না' ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। রোববার ইউপিডিএফর পক্ষে নবম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় জেলা কমিটির আহবায়ক শান্তি দেব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের ষড়যন্ত্র ও অসহযোগিতার কারণে ইউপিডিএফ রাঙামাটি আসনে প্রার্থী দিতে পারেনি। এ আসনে যারা প্রার্থী হয়েছেন ইউপিডিএফের বিবেচনায় তারা সৎ ও যোগ্য না হওয়ায় দলটি 'না' প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ইউপিডিএফের একটি প্রচারণা দল জেলার ১০টি উপজেলায় 'না' ভোট দেওয়ার জন্য প্রচারণা শুরু করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে রোববার বিকেলে 'না' ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জনসভা ও মিছিল হয়েছে। নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সদস্য জহিরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- মহাজোট থেকে মনোনয়ন না পাওয়া ফয়জুর রহমান বাদল, স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা। সভায় বক্তারা নবীনগরে যোগ্য প্রার্থীকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন না দেয়ায় 'না' ভোট দেওয়ার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মহাজোট থেকে ফয়জুর রহমান বাদলকে মনোনয়ন দিলেও পরে প্রত্যাহার করা হয়। এ আসনে মহাজোট থেকে প্রার্থী করা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর শাহ জিকরুলকে। পাবনা: পাবনা-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সুবহানের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন পাবনার বিএনপি সমর্থক কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। রোববার আমিনুদ্দিন আইন কলেজে এক সমাবেশে তারা এ ঘোষণা দেন। কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ঢাকার পাবনা সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী তোরাব আলী বিশ্বাস, মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খান, গয়েশেপুরের অ্যাডভোকেট ইদ্রিস আলী, দাপুনিয়ার সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মানু প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাওলানা আব্দুস সুবহান নির্বাচিত হওয়ার পর পাবনার উন্নয়নে কোনো কাজ করেনি। এদিকে পাবনার সুজানগরে গণসংযোগে গিয়ে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের মহাজোট প্রার্থী একে খন্দকার বলেছেন, নির্বাচনে বিজয়ী হলে আওয়ামীলীগ যুদ্ধপরাধীদের বিচার করবে। জেলা আওয়ামী লীগ সহসভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, রোকন উদ্দিন রোকন, বন্দের আলী এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/জেকে/২৩৫৮ ঘ.