ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুর কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি।
এছাড়া একই আসনের আরেক প্রার্থী বিএনপি নেতা গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র গ্রহণের জন্য হাইকোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছে।
মনোনয়নপত্র বাতিল করার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুর কাদের হাইকোর্টে রিট করলে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম চৌধুরীর বেঞ্চ তা খারিজ করে দেয়। এরপর মঞ্জুর কাদের সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির কাছে আপিল করলে বিচারপতি জয়নাল আবেদীন তার মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে আদেশ দেন।
মঞ্জুর কাদেরের পক্ষে হাইকোর্ট ও আপিল বিভাগে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট টিএইচ খান ও ফয়সাল এইচ খান।
আদেশের পর ফয়সাল এইচ খান সাংবাদিকদের বলেন, "এই আদেশের ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মঞ্জুর কাদেরের আর কোনো বাধা নেই।"
এদিকে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম চৌধুরীর বেঞ্চ গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়। তার পক্ষে রিট আবেদন পরিচালনা করেন ব্যারিস্টার মইনুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জেকে/এসকে/২২২৯ঘ.
bdnews24