সুমন মাহমুদ
প্রধান রাজনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দলীয় নেতা-কর্মীদের আসন্ন সংসদ নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে সজাগ থাকতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ভেদাভেদ ভুলে সব রাজনৈতিক দলকে দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি। রোববার দক্ষিণ-পশ্চিম বাংলার পথে কয়েকটি নির্বাচনী জনসভায় এ আহ্বান জানান খালেদা। (আরও তথ্যসহ)
রোববার সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়ার পরপরই নির্বাচনী প্রচারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন।
সফরের পথে মানিকগঞ্জে প্রথম নির্বাচনী সভায় বিএনপি চেয়ারপারসন সব রাজনৈতিক দলকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, "আর ভুল বোঝাবুঝি নয়; আসুন আমরা সম্মিলিতভাবে দেশের মানুষের জন্য কাজ করি। কার্যকর করি জাতীয় সংসদ।"
খালেদা জিয়া বলেন, "দেশকে আত্মনির্ভরশীল করতে হলে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। গত দ্ইু বছরে দেশে কোনও উন্নয়ন হয়নি, বিদেশি বিনিয়োগ ছিল না। মানুষ কর্মহীন হয়ে পড়েছে । ফলে বেকারের সংখ্যা বেড়েছে অনেক।"
তিনি বলেন, "আমরা ক্ষমতায় এসেই দ্রব্যমূল্য কমিয়ে আনব এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করব।"
খালেদা জিয়া বলেন, "এ পর্যন্ত জনগণ আমাদের চারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমার বিশ্বাস, এবারও জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে।"
মানিকগঞ্জকে 'বিএনপির দুর্গ' অভিহিত করে তিনি বলেন, "ষড়যন্ত্র করে মানিকগঞ্জের একটি আসন কমিয়ে তিনটি করা হয়েছে, যাতে বিএনপির আসন কমে যায়। কিন্তু মানিকগঞ্জবাসী তিনটি আসনেই বিএনপির প্রার্থীদের নির্বাচিত করে ষড়যন্ত্রের জবাব দেবে।"
মানিকগঞ্জ থেকে রাজবাড়ী ও কুষ্টিয়া যান খালেদা জিয়া। বিকেলে রাজবাড়ি রেলওয়ে মাঠ ও পাংশা হাই স্কুল মাঠের দুই সমাবেশে ব্যাপক জনসমাগম হয়। দৃশ্যত সভার লোকসমাগমে উৎসাহিত খালেদা দাবি করেন, "সারাদেশে ধানের শীষের প্রতীকে জোয়ার এসেছে। এই প্রতীক হচ্ছে দেশের সমৃদ্ধি, উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।"
তিনি বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা নির্বাচিত হলে দেশের মানুষের মুখে হাসি ফোটাবো।"
কৃষকদের উন্নয়নে কৃষি উপকরণ ও সারের দাম কমিয়ে এনে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় খালেদা জিয়া বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচন দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে যাতে কেউ ভোট কারচুপি করতে না পারে, সে জন্য দলের সব স্তরের নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।"
জনসভায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী হারুনার রশীদ খান মুন্নু এবং তার মেয়ে মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী আফরোজা খান রীতার হাতে ধানের শীষ তুলে দিয়ে খালেদা জিয়া তাদের পক্ষে ভোট চান।
এরপর শিবালয় উপজেলার তবরা মাঠে মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জন্য ভোট চান খালেদা জিয়া।
তিনি বলেন, "খন্দকার দেলোয়ার হোসেন আমার আগে থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দলের কঠিন সময় ও দুর্দিনে সততা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। আপনারা তাকে ভোট দেবেন।"
রাজবাড়ীর দু'টি আসনে ২০০১ সালের নির্বাচনে বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও নাসিরুল হক সাবু বিজয়ী হয়েছিলেন। এবারও তারা প্রার্থী হয়েছেন।
খালেদা জিয়া সভায় এ দু'জনের হাতে ধানের শীষ তুলে দিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।
সন্ধ্যায় তিনি কুষ্টিয়ার খোকসা, কুমারখালী, কুষ্টিয়া সদরের স্টেডিয়ামের পাশে এবং কুষ্টিয়া থানা ফুটবল মাঠে মোট চারটি জনসভায় ভাষণ দেন।
সন্ধ্যার পর এখানে হাজার হাজার মানুষ কুয়াশা আর শীত উপেক্ষা করে জনসভায় উপস্থিত হয়। তাদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ।
কুষ্টিয়ার এ আসনগুলোর দলীয় প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও অধ্যাপক শহীদুল ইসলামের হাতে ধানের শীষ তুলে দেন খালেদা জিয়া।
জনসভাগুলোতে গত দুবছরের 'কর্মহীন' অবস্থার চিত্র তুলে ধরে খালেদা জিয়া বলেন, "আমরা নির্বাচিত হলে এই অবস্থার পরিবর্তন আনব।"
গরীবদের জন্য স্বাস্থ্যবীমা ও বেকারদের জন্য বেকার ভাতা চালুর কথা উল্লেখ করেন তিনি।
দ্রব্যমূল্য পরিস্থিতির অসহনীয় অবস্থা তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেন, "আমরা ক্ষমতায় এসে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতায় আনার দ্রুত পদক্ষেপ নেব।"
রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের মেহেরপুরের গাংনী হাই স্কুল মাঠ, কুষ্টিয়া সরকারি উচ্চ বালক বিদ্যালয়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশুর হাট এবং মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে চারটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
রাতে তার যশোর সার্কিট হাউজে থাকার কথা।
সোমবার সকাল ১০টায় যশোর টাউন হল মাঠে জনসভার মাধ্যমে তৃতীয় দিনের প্রচার কাজ শুরু করবেন খালেদা জিয়া। এরপর তিনি যাবেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা। এসব জেলায় তিনি সাতটি জনসভায় ভাষণ দেবেন।
সকাল সাড়ে ৮টায় ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাসভবন থেকে দক্ষিণাঞ্চল সফর শুরু করেন খালেদা জিয়া।
শনিবার ইশতেহার প্রকাশের এক দিন আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামেন বিএনপি চেয়ারপারসন। শুক্রবার সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সমাবেশে বক্তব্য দেন তিনি। এছাড়া ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের পরপরই শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীতে বেশ কয়েকটি জনসভায় তিনি বক্তৃতা করেন।
* রাজবাড়ী প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এমআই/এসকে/২০৪১ঘ.
bdnews24