ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নতুন কর্মসংস্থানের জন্য 'জাতীয় কর্মসংস্থান প্রকল্প' গ্রহণ করবে বিএনপি। পর্যায়ক্রমে নাগরিকদের স্বাস্থ্য বীমা সুবিধা দেওয়া হবে। এছাড়া ৫ বছরের মধ্যে দেশকে নিরক্ষরতা মুক্ত করা হবে।
শনিবার দলের ইশতেহার ঘোষণা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, "দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দেশের প্রত্যেকটি পরিবারের অন্তত একজন সক্ষম মানুষ যাতে স্থায়ী কাজ পান সে জন্য জাতীয় কর্মসংস্থান প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা করেছি।"
তিনি জানান, নির্বাচিত হলে বিএনপি গ্রামীণ কর্মসংস্থানের দিকে বেশি জোর দেবে। বেকার সমস্যার সমাধানের লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন করা হবে বলে খালেদা জানান। ক্ষুদ্র ও শ্রমঘন শিল্প স্থাপন ও বিদেশে শ্রমিক পাঠানোর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বেকারভাতার প্রসঙ্গে বিএনপি নেত্রী বলেন, "যাদের জীবন ধারনের উপযোগী কোনো কাজের ব্যবস্থা করা যাবে না - তাদের জন্য পর্যায়ক্রমে বেকার ভাতা চালু করা হবে।"
শিক্ষা ব্যবস্থা সম্পর্কে দলের ইশতেহারে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তির সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করে তাদের পরামর্শ মোতাবেক সবার জন্য গণমূখী ও কর্মমূখী শিক্ষা ব্যবস্থা কার্যকর করা হবে।
"দেশের সকল নাগরিকের জন্য যথোপযুক্ত শিক্ষা লাভের দ্বার অবারিত করা হবে এবং আগামী ৫ বছরের মধ্যে যাতে দেশের কোন মানুষ নিরক্ষর না থাকে এবং কোন শিশু যাতে শিক্ষাঙ্গনের বাইরে না থাকে তা নিশ্চিত করা হবে।"
"দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত বৃত্তির ব্যবস্থা করা হবে যাতে আর্থিক সমস্যার কারণে কোন মেধাবী ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।"
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি গঠনে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
শিক্ষকদের 'সম্মানজনক' জীবনধারণের উপযোগী বেতন ভাতা ও সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্র"তি দেওয়া হয়েছে।
স্বাস্থ্যখাতের কর্মসূচি সম্পর্কে খালেদা জিয়া বলেন, জাতীয় স্বাস্থ্যনীতিকে আধুনিক ও জনকল্যাণমূখী করা হবে এবং পর্যায়ক্রমে সব অস্বচ্ছল নাগরিকের জন্য স্বাস্থ্যবীমা চালু করা হবে।
বিনাশুল্কে চিকিৎসা সরঞ্জাম আমদানি, আরো নতুন হাসপাতাল ও ক্লিনিক নির্মাণসহ বিদ্যমান সরকারী হাসপাতালগুলিতে বেডের সংখ্যা ও সুযোগ সুবিধা বাড়ানো হবে।
উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল মেডিকেল ইউনিট চালু করার প্রতিশ্র"তি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/
bdnews24