২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের দু'টি আসনে আওয়ামী লীগ ও জাপার পৃথক প্রার্থী

জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রংপুরের ছয়টি আসনের দু'টিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) পৃথক প্রার্থী দিয়েছে। এ দু'টি আসনে প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

রংপুর, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রংপুরের ছয়টি আসনের দু'টিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) পৃথক প্রার্থী দিয়েছে। এ দু'টি আসনে প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে। আসন দু'টি হল- রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) এবং রংপুর-৫ (মিঠাপুকুর)। এ দুই আসনের আওয়ামী লীগের প্রার্থীরা হলেন যথাক্রমে টিপু মুন্সি ও আশিকুর রহমান। জাতীয় পার্টি প্রার্থীরা হলেন- করিমউদ্দিন ভরসা ও ফখরুজ্জামান জাহাঙ্গীর। ফলে রংপুরের ছয়টি আসনের মধ্যে চারটিতে মহজোট নির্বাচন করছে। এ চারটির মধ্যে একটি আওয়ামী লীগের এবং তিনটি জাতীয় পার্টির। আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা অনুযায়ী জাতীয় পার্টির ৪৬ জন প্রার্থী মহাজোটের হয়ে নির্বাচন করবেন। এছাড়া নীলফামারী-৪, খুলনা-৩ ও সিলেট-৩ আসন দুই দলের জন্য উন্মক্ত থাকবে। এ ব্যাপারে জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা তার প্রতিক্রিয়ায় বলেন, "কেন্দ্রীয় সমঝোতার সিদ্ধান্ত অনুযায়ী রংপুর-৬ বাদে বাকি পাঁচটি আসনে জাপা মহাজোটের প্রার্থী থাকার কথা। কিন্তু আওয়ামী লীগ তিনটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বললেও রংপুর-৪ ও রংপুর-৫ আসনে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলেনি। তাদের দুরভিসন্ধি রয়েছে।" তিনি আরও বলেন, "মহাজোটগত নির্বাচন নিয়ে আমাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। আমরা হতাশ, ক্ষুব্ধ। আওয়ামী লীগ চুক্তি ভঙ্গ করেছে।" আওয়ামী লীগ এই সিদ্ধান্ত পরিবর্তন না করলে রংপুরে জাপা এককভাবে প্রচারণা ও নির্বাচন করতে বাধ্য হবে বলেও জানান মোস্তফা। এদিকে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম সর্দার বলেন, "রংপুর-৪ আসনে আমরাই মহাজোট প্রার্থী। নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছি। আমরা নির্বাচন করব।" রংপুর-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী আশিকুর রহমান বলেন, তিনি নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আসন বন্টনের সমঝোতা অনুসারে রংপুরের ছয়টি আসনের একটিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বাকি পাঁচটিতে জাপা প্রার্থীরা মহাজোটের হয়ে নির্বাচন করার কথা। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ কেন্দ্রীয় দপ্তর থেকে রংপুর-১ আসনের প্রার্থী শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু, রংপুর-২ আসনে আনিসুল হক চৌধুরী এবং রংপুর-৩ আসনে রেজিনা বেগমকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার সম্পর্কে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে ফ্যাক্স বার্তা পাঠায়। কিন্তু রংপুর-৪ ও রংপুর-৫ আসনের মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে কোনো ধরনের বার্তা আসেনি। তাই এ দুই আসনের আওয়ামী লীগ প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করছেন। কেন্দ্রীয় নির্দেশ পাওয়ার পর রংপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী রেজিনা বেগম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কিন্তু রংপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আনিসুল হক চৌধুরী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে তিনি প্রতীক বরাদ্দ পাননি। এছাড়া রংপুর-১ আসনের শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টুর মনোনয়নপত্র আগেই বাতিল হয়। তাই এ তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের মহাজোট থেকে নির্বাচন করা নিশ্চিত হয়ে গেছে। এ তিনটি আসনে জাপা প্রার্থীরা হলেন- রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-২ আসনে আনিসুল ইসলাম মণ্ডল এবং রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ। এদের সবাই লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০১ ঘ.